• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানে সাথে আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠক প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, ২৪ জুলাই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় গ্রিসে ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৬ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে নাটকীয় হত্যাকাণ্ড: ২৪ বছর বয়সী বিবাহিত পুরুষ প্রেমিককে গুলি করে হত্যা এবং মাঠে পুঁতে ফেলার কথা স্বীকার করেছে কৃষক গ্রিক কৃষকরা তীব্র শ্রমিক সংকটের সম্মুখীন হচ্ছেন, যার ফলে ফসল কাটা হচ্ছে না, কারণ ফসল তোলার খরচ প্রায়শই সম্ভাব্য বিক্রয়লব্ধ আয়ের চেয়ে বেশি হয়ে যায় কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ আজকে গ্রিসে সারা দেশে ধর্মঘট চলছে রেল, সড়ক, নৌ অবরোধের আওতায় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১.৫ কেজি গাঁজা ও ১০ পিস হুইস্কি উদ্ধার বালুখেকোদের বিরুদ্ধে ভোলায় কোস্ট গার্ডের অভিযানে, আটক- ৫ প্যারিসে ঢাকা বিভাগ প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ফ্রান্স’র অভিষেক অনুষ্ঠান

গ্রিসে ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৬ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে

The Economist24 Online News desk at the Athens office
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গ্রিসে ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৬ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।গ্রিসে ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৬ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে ২০২৫ সালের পুরো বছরে নথিভুক্ত ৫ হাজার ৭৩৬ জনের প্রত্যাবাসন ও বহিষ্কারের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। দেশটির অভিবাসন প্রত্যাবাসন নীতি বাস্তবায়নে জোরদার তৎপরতার চিত্র উঠে এসেছে এসব পরিসংখ্যানে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, জোরপূর্বক বহিষ্কার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার—উভয় ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গ্রিসে যেসব তৃতীয় দেশের নাগরিকের বৈধভাবে বসবাসের অধিকার নেই, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বেচ্ছা প্রত্যাবাসনকে বিবেচনা করছে সরকার।

২০২৬ সালের প্রথম ১০ মাসে জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪১৭ জনে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৯৫৬ জন। অর্থাৎ এক বছরে জোরপূর্বক বহিষ্কারের হার বেড়েছে প্রায় ২৪ শতাংশ।

অন্যদিকে, আইওএমের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনের সংখ্যায় আরও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। ২০২৬ সালের প্রথম ১১ মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০২ জনে। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৬২৩ জন। ফলে স্বেচ্ছা প্রত্যাবাসন বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

এ ছাড়া ২০২৬ সালের প্রথম ১০ মাসে ‘অন্যান্য প্রত্যাবাসন’ শ্রেণিতে আরও ১ হাজার ১৬টি ঘটনা নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ।

অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস এ নীতি বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। সম্প্রতি ১১৪ জন অভিবাসীকে নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় প্রত্যাবাসন ফ্লাইট সম্পন্ন হওয়ার বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

এথেন্স-ম্যাসেডোনিয়ান নিউজ এজেন্সিকে (এএমএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে প্লেভরিস বলেন, সরকার দৃঢ়তার সঙ্গে প্রত্যাবাসন নীতি বাস্তবায়ন করছে।তিনি বলেন, “এ পর্যন্ত সবচেয়ে বড় প্রত্যাবাসন ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে আফ্রিকা ও এশিয়ার নয়টি দেশের ১১৪ জন নাগরিক ছিলেন। এটি অভিবাসন নীতির কার্যকর বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

প্লেভরিস আরও বলেন, সরকারের অবস্থান স্পষ্ট—“যারা আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার যোগ্য নন এবং দেশটিতে বৈধভাবে থাকার অধিকার নেই, তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।”তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ও ইউরোপীয় আইন মেনে চলার পাশাপাশি বৈধতা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করে গ্রিস কঠোর কিন্তু ন্যায়সংগত অভিবাসন নীতি অনুসরণ করছে।

অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের ইউরোপীয় পরিকল্পনায় গ্রিস

অভিবাসীদের প্রত্যাবাসনের সংখ্যা বৃদ্ধির বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৃহত্তর উদ্যোগের সঙ্গেও সম্পর্কিত। প্রত্যাবাসনসংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা, তৃতীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং তথাকথিত ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র প্রতিষ্ঠার ওপর এসব উদ্যোগে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত এসব কেন্দ্র ইউরোপীয় ইউনিয়নের বাইরে স্থাপন করা হবে। নির্দিষ্ট চুক্তি ও শর্তের ভিত্তিতে এগুলো প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন ট্রানজিট কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। কিছু ক্ষেত্রে এসব কেন্দ্রই প্রত্যাবাসনপ্রক্রিয়ার গন্তব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে।

এ ধরনের কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে ইউরোপীয় আলোচনায় অংশ নিচ্ছে গ্রিস। এ পরিকল্পনার ক্ষেত্রে রুয়ান্ডা বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্লেভরিসের দেওয়া বক্তব্য অনুযায়ী, প্রথম প্রত্যাবাসন কেন্দ্র ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে কার্যক্রম শুরু করতে পারে। তবে প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় প্রথম প্রত্যাবাসন ২০২৭ সালের বসন্তকালেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা আশা করছেন, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে এ বিষয়ে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে।

প্রত্যাবাসনসংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা দূর করাই এসব কেন্দ্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য। বিশেষ করে অভিবাসীদের নিজ নিজ দেশ যখন তাদের ফিরিয়ে নিতে সহযোগিতা করে না কিংবা প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহে জটিলতা তৈরি হয়, তখন প্রত্যাবাসন কার্যকর করা কঠিন হয়ে পড়ে।

গ্রিস সরকারের কাছে অভিবাসী প্রত্যাবাসন জোরদার করা এখন অভিবাসন নীতির অন্যতম প্রধান অংশ। নতুন অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের পাশাপাশি যাদের দেশটিতে বৈধভাবে বসবাসের অধিকার নেই, তাদের বহিষ্কার বা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করার ওপর এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: এথেন্স-ম্যাসেডোনিয়ান নিউজ এজেন্সি (এএমএনএ)

Economist/28 November/ZI/Greece


আরো বিভন্ন ধরণের নিউজ