গ্রিসে নবগঠিত বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ১৬ মে মতবিনিময় সভা। উক্ত সভায় কমিউনিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব এইচএম জাহিদুল ইসলামের পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রিস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে এই প্রথম মতবিনিময় সভার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতির মধ্য দিয়ে সরাসরি তাদের দাবি-দাওয়া সুবিধা অসুবিধার বিষয়ে নবগঠিত পরিষদের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে।

উপস্থিত প্রবাসীদের মধ্য থেকে বিভিন্ন দাবী দাওয়ার মধ্যে অন্যতম ছিল জেলে বন্দি প্রবাসী বাংলাদেশীদের মুক্তির বিষয়ে একাধিক ব্যক্তিদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান বলেন কমিউনিটির পক্ষ থেকে নির্দিষ্ট একজন আইনজীবীর মাধ্যমে প্রবাসীদেরকে জেল থেকে মুক্তির ব্যাপারে ফ্রী আইনি সহায়তা করা হবে বলে উপস্থিত সকলকে তিনি আশ্বস্ত করেছেন।

এছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল ইসলাম মজুমদারের প্রশ্নের ভিত্তিতে কমিউনিটি সভাপতি উল্লেখ করেন চিকিৎসা সহায়তার ক্ষেত্রে ভাষাগত যেই জটিলতা রয়েছে সেটির সহায়তার জন্য গ্রিক ভাষা ভালো করে লিখতে পড়তে পারে এমন ব্যক্তি কে নির্ধারিত দায়িত্ব দিয়ে প্রবাসীদের চিকিৎসা সহায়তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশি হয়রানির ব্যাপারে কমিউনিটি ব্যক্তিত্ব কামাল মজুমদারের প্রশ্নের ভিত্তিতে কমিউনিটি সভাপতি উল্লেখ করেন গ্রিসের জাতীয় নির্বাচন শেষ হলে বাঙ্গালী অধ্যুষিত এলাকায় গ্রিসে যে পাঁচটি পুলিশ স্টেশন রয়েছে সেইসব পুলিশ স্টেশনে লিখিত আবেদন সহ কমিউনিটির নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে এ বিষয়ে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাগণের সাথে আলোচনা করবেন বলে উপস্থিত সকলকে তিনি আশ্বস্ত করেছেন।

তিনি আরো উল্লেখ করেন এই বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক একটি বিষয় সেক্ষেত্রে গ্রিসে কোন দল ক্ষমতায় আসতেছে সেটির প্রতি আমরা দৃষ্টি রাখছি যেই দলই সরকারে আসুক আমরা তাদের সাথে রাজনৈতিকভাবে আলাপ-আলোচনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীদের পুলিশি হয়রানি,রেসিডেন্ট পারমিট নবায়নের দীর্ঘ সময় ক্ষেপন, ব্যবসায়ীদের দোকানে অন্যায় ভাবে পুলিশী হয়রানি, অর্থ লুট সহ যেসব সমস্যার সম্মুখীন প্রবাসী বাংলাদেশীরা বর্তমানে হচ্ছে সেইসব বিষয়গুলো নিয়ে বিভিন্ন পন্থায় আলোচনা করবেন বলে তিনি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

কমিউনিটি সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান অত্যন্ত গুরুত্বের সাথে তিনি উল্লেখ করেন এই বিশাল রাজনৈতিক সমস্যা এটি কমিউনিটির পরিষদ গ্রিসে বসবাসরত সকল দল-মতের ঊর্ধ্বে উঠে সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শ ও তাদেরকে সাথে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সমাধানের জন্য গ্রিসের আগামী সরকারের সাথে ফল-প্রসু আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে তিনি সকলকে আশ্বস্ত করেছেন।

এক্ষেত্রে কমিউনিটির অভ্যন্তরে অভিমানে থাকা নেতৃবৃন্দদের সাথে বিভিন্ন কৌশলে তাদের অভিমান ভেঙ্গে কমিউনিটির পরিষদের সাথে মিলে মিশে কাজ করার সর্বোচ্চ প্রচেষ্টা উনার পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও নবনির্বাচিত নির্বাহী সদস্য লিটন মাতব্বরের কার্যবিধির নির্ধারিত প্রশ্নের আলোকে তিনি উল্লেখ করেন বিগত নির্বাচনে বিজয়ী পরিষদের পক্ষ থেকে যেসব নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছিল সেইসব ইশতেহারের বিষয়ে বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতির অবস্থা জানতে চাওয়া হলে কমিউনিটি সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এইচএম জাহিদুল ইসলাম

উনাদের প্রত্যেকের বক্তব্যের মাধ্যমে লিটন মাতব্বরের কার্যবিধির প্রশ্নের আলোকে গুরুত্ব সহকারে উপস্থিত সকলকে আশ্বস্ত করেছেন খুবই অল্প সময়ের মধ্যে ধারাবাহিকভাবে নির্বাচনে ইশতেহার বাস্তবায়ন করবে বলে বক্তাগণ তাদের বক্তব্য উল্লেখ করেন।

কমিউনিটি নবনির্বাচিত নির্বাহী সদস্য সাগর হোসেনের কার্যবিধির নির্ধারিত প্রশ্নের জবাবে কমিউনিটি সভাপতি আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের স্থায়ী অফিস হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সদ্য বিদায়ী সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি দ্বয় গোলাম মাওলা,তাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ হাসান, বিজনেস কমিটির সভাপতি আরিফুর রহমান সিরাজ, বিএনপির সাবেক সভাপতি জিএম মোখলেসুর রহমান, এথেন্স চেম্বারের বৈদেশিক বিভাগের চেয়ারম্যান জহির ঢাকুয়া, কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রিসের সভাপতি সোহরাব হোসাইন ইসমাইল, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রধান আহ্বায়ক আব্দুর রাজ্জাক টিটু, দোয়েল একাডেমির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রনি সহ

বিভিন্ন রাজনৈতিক আঞ্চলিক,সামাজিক,ওলামা পরিষদ ও সেবামূলক গঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

সভাপতি সমাপনী বক্তব্যে সকল দাবি দাওয়া বাস্তবায়ন সহ নতুন ভালো কিছু সংপৃক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মে/জই