গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।এথেন্সে আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ক্যাম্পে আটক রাখার বিষয়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান
এথেন্স, গ্রিস: গণতন্ত্রের ঐতিহাসিক সূতিকাগার গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গ্রিস শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এথেন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি স্থানীয় রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে গ্রিস বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রিস বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি।
গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সভাপতি জি এম মুখলেসুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব টিপু সুলতান আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিস বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও নোয়াখালী সমিতির সভাপতি হাফেজ আহমেদ, এস আলম সাইদুল, ইসমাইল হোসেন রনি, আব্দুর রাজ্জাক টিটু, লোকমান মাতুব্বর এবং ইসমাইল হোসেন প্রধান রানা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাকের হোসেন রাসেল তালুকদার এবং সাবেক প্রচার সম্পাদক শাহ্ গিয়াস আল রিমন। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলাইমান মন্ডল, মইনুল ইসলাম জামান, এ কে এম মহিউদ্দিন রনি ও ফিরোজ আলমসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে অবদান, স্বাধীনতা-পরবর্তী সময়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়াসহ রাষ্ট্র পুনর্গঠন ও দেশ গঠনে তাঁর বিভিন্ন ভূমিকার কথা আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার চন্দন উদ্দিন চৌধুরী দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।গ্রিসে প্রবাসী বাংলাদেশীদের জন্য গ্রিস বিএনপি প্রতিষ্ঠা কালীন সময় থেকে এবং দূতাবাস প্রতিষ্ঠার জন্য অসাধারণ পরিশ্রম ও ত্যাগের বিষয় নিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি জি এম মুখেসুর রহমান তিনি তার বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও রাজনৈতিক বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি গ্রিসের বিভিন্ন ক্যাম্পে আটক থাকা অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের মানবিক ও আইনসম্মত সমাধানের জন্য গ্রিস ও বাংলাদেশ সরকারের প্রতি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান বক্তা তাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, গ্রিসের বিভিন্ন ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে গ্রিক সরকারের কাছে উপস্থাপন করা গেলে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় উঠে আসে গ্রিস বিএনপির তরুণ নেতৃত্বের বক্তব্য। সাবেক সাংগঠনিক সম্পাদক বাকের হোসেন রাসেল তালুকদার ও সাবেক প্রচার সম্পাদক শাহ্ গিয়াস আল রিমনের বক্তব্যের সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। তাঁদের বক্তব্যের বিভিন্ন পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
তাঁরা অভিযোগ করেন, বিএনপির পদ-পদবি ব্যবহার করে দলের অভ্যন্তরীণ তথ্য ও উপাত্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাছে সরবরাহ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। পাশাপাশি আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতৃবৃন্দের অনাস্থার মুখে থাকা ব্যক্তিদের পদত্যাগ এবং নতুন কমিটি গঠনের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
বক্তারা দলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বাংলাদেশের বর্তমান সরকার এবং দেশের জনগণের শান্তি, কল্যাণ, সমৃদ্ধি ও সামগ্রিক অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একপর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Economist/16 November/ZI/Athens