গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদো।উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের ক্রমবর্ধমান আগমনে গ্রিসের ওপর চাপ বাড়ছে। বিশেষ করে ক্রিট ও গাভদোস দ্বীপ এখন অভিবাসীদের প্রবেশের অন্যতম প্রধান পথে পরিণত হয়েছে।লিবারাল (Liberal) পত্রিকায় প্রকাশিত এক মন্তব্যধর্মী নিবন্ধে সাংবাদিক ইয়ানিস সিদেরিস (Yannis Sideris) বলেছেন, অভিবাসীদের আগমনের ব্যাপকতা গ্রিসের জন্য ক্রমেই কঠিন পরিস্থিতি তৈরি করছে। বিশেষ করে সীমিত সম্পদ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে স্থানীয় জনগণের ক্রমবর্ধমান বিরোধিতার মধ্যে পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিবন্ধে উল্লেখ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে নভেম্বরের প্রথম দিক পর্যন্ত প্রায় ২৬ হাজার অভিবাসী ক্রিটে পৌঁছেছেন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই এসেছেন আনুমানিক ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার মানুষ।
সাম্প্রতিক এই পরিসংখ্যান এমন এক সময়ে সামনে এসেছে, যখন সমুদ্রপথে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। নিবন্ধে ক্রিটের কাছাকাছি দুটি পৃথক নৌকাডুবির ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সিদেরিসের মতে, অভিবাসীদের যাত্রাপথ ক্রমেই লিবিয়ার উপকূলের দিকে সরে যাচ্ছে। ফলে এজিয়ান সাগরের দ্বীপগুলোর তুলনায় গাভদোস এখন অভিবাসীদের আগমনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
অভিবাসীদের বড় অংশ সুদান ও বাংলাদেশ থেকে আসছেন
নিবন্ধে উদ্ধৃত পরিসংখ্যান অনুযায়ী, সুদান ও বাংলাদেশ থেকে আসা অভিবাসীরাই মোট আগমনের প্রায় দুই-তৃতীয়াংশ।এরপর রয়েছে আফগানিস্তান, মিসর ও ইরিত্রিয়ার নাগরিকরা। এ ছাড়া দক্ষিণ সুদান, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়া থেকেও তুলনামূলক কমসংখ্যক মানুষ আসছেন।
নিবন্ধে আরও বলা হয়েছে, ২০২৫ সালের তুলনায় চলতি বছরে অভিবাসীদের জাতীয়তার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। মিসর থেকে আসা মানুষের সংখ্যা কমেছে, অন্যদিকে বাংলাদেশ ও সুদান থেকে আসা মানুষের সংখ্যা বেড়েছে।
আগমনকারীদের প্রায় ৮০ শতাংশই তরুণ পুরুষ বলে জানা গেছে। তবে তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও রয়েছে।
সুদানের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। দেশটিতে সুদানের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।এই সংঘাতের ফলে ব্যাপক বাস্তুচ্যুতি, বেসামরিক মানুষের প্রাণহানি এবং ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ এই সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দেশটির কিছু অঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
তবে সিদেরিস যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষ এবং মূলত অর্থনৈতিক কারণে অভিবাসনের উদ্দেশ্যে আসা ব্যক্তিদের মধ্যে পার্থক্য করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ ও মিসরের মতো দেশে সুদানের মতো কোনো তুলনীয় যুদ্ধ পরিস্থিতি নেই, যা মানুষকে দেশ ছাড়তে বাধ্য করছে।
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে এথেন্স
অনিয়মিত অভিবাসন কমানোর লক্ষ্যে গ্রিস বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছে বলে জানা গেছে। এর মধ্যে লিবিয়া ও মিসর হয়ে অভিবাসীদের যাতায়াতের পথ নিয়ন্ত্রণ এবং গ্রিসে থাকার যোগ্যতা অর্জন করতে না পারা বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়টিও রয়েছে।
নিবন্ধে বাংলাদেশি নাগরিকদের চলতি বছরে ক্রিটে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বড় জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সহযোগিতার আশ্বাস দিলেও প্রত্যাবাসন প্রক্রিয়া এখনো সীমিত পর্যায়ে রয়েছে।
নিবন্ধে সেরিন্তিকি (Sintiki) অভিবাসনকেন্দ্রে আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর জন্য পরিকল্পিত কয়েকটি চার্টার ফ্লাইটের কথা বলা হয়েছে। এর মধ্যে ৯৩ জন অভিবাসীকে তিনটি পৃথক ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গত অক্টোবরে গ্রিস, ইতালি ও সাইপ্রাসের যৌথ উদ্যোগে পরিচালিত একটি ফ্লাইটে ১০ জনকে ফেরত পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস (Thanos Plevris) জানিয়েছেন, মোট চারটি চার্টার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল, যার মধ্যে একটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সিদেরিস ২০২২ সালে গ্রিস ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত একটি বিদ্যমান চুক্তির বিষয়টিও তুলে ধরেছেন। ওই চুক্তি অনুযায়ী, প্রতিবছর সর্বোচ্চ ৪ হাজার বাংলাদেশি কর্মী বৈধভাবে গ্রিসে কাজ করার সুযোগ পাওয়ার কথা।
তবে তাঁর মতে, আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। প্রক্রিয়াটি সহজ ও উন্নত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
আশ্রয়কেন্দ্র নিয়ে ক্রিটের স্থানীয় জনগণের উদ্বেগ
অভিবাসীদের আগমন বৃদ্ধি পাওয়ায় ক্রিটের স্থানীয় প্রশাসন ও জনগণও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।সরকার অস্থায়ী আবাসন ও আশ্রয়ের জন্য কয়েকটি স্থাপনা ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে চানিয়া অঞ্চলের আগিয়া (Agia), হেরাক্লিয়ন বন্দরের একটি পুরোনো রেফ্রিজারেশন স্থাপনা এবং ইয়েরাপেত্রার (Ierapetra) কয়েকটি স্থান।
তবে এসব স্থাপনা এত বিপুলসংখ্যক অভিবাসীকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি করা হয়নি। বিশেষ করে এজিয়ান সাগর থেকে অভিবাসীদের যাত্রাপথ লিবীয় সাগরের দিকে সরে যাওয়ায় হঠাৎ করে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।এই ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে বিরোধিতা তৈরি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভ এবং আইনি চ্যালেঞ্জের ঘটনাও ঘটেছে।
এদিকে কর্তৃপক্ষ চার্টার্ড জাহাজের মাধ্যমে অভিবাসীদের মূল ভূখণ্ডে স্থানান্তর করে সেখানে বিদ্যমান আশ্রয়কেন্দ্রগুলোতে রাখার বিষয়টিও বিবেচনা করছে।
গ্রিসের অভিবাসন ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে বিতর্ক
সিদেরিসের মতে, মূল প্রশ্ন হলো অভিবাসীদের আগমনের ব্যাপকতা এবং এই পরিস্থিতি মোকাবিলার জন্য গ্রিসের অর্থনৈতিক ও প্রশাসনিক সক্ষমতা কতটুকু।
তাঁর মন্তব্যে সীমান্ত ব্যবস্থাপনার ঘাটতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে যারা মনে করেন, উল্লেখযোগ্য কোনো বিধিনিষেধ ছাড়াই গ্রিসের অভিবাসীদের গ্রহণ করা উচিত, তাঁদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
নিবন্ধে যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষের মানবিক পরিস্থিতি এবং অনিয়মিত ও অর্থনৈতিক অভিবাসন নিয়ন্ত্রণের বৃহত্তর নীতিগত প্রশ্নকে আলাদা করে দেখানো হয়েছে।
নিবন্ধের বক্তব্য অনুযায়ী, গ্রিসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—মানবিক ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি এমন একটি অভিবাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, যা দেশটির সীমান্তবর্তী জনগোষ্ঠী, সরকারি পরিষেবা এবং আবাসন অবকাঠামোর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে।
ক্রিটের জন্য এই বিতর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ দ্বীপটির অর্থনীতি মূলত পর্যটননির্ভর। অভিবাসীদের প্রবেশপথ হিসেবে নতুন করে ক্রিটের গুরুত্ব বেড়ে যাওয়ায় স্থানীয় অর্থনীতি ও পর্যটনশিল্পের ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্রিটের দক্ষিণে সাম্প্রতিক উদ্ধার অভিযান এবং সমুদ্রপথে অভিবাসীদের আগমনের ধারাবাহিকতার মধ্যেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সময়ে এথেন্স বাংলাদেশ সরকারের ওপর লিবিয়া ও মিসর হয়ে অভিবাসীদের যাতায়াতের পথ নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়ানোর জন্য চাপ দিচ্ছেসূত্র-জিসিটি নিউজ
Economist/10November/ZI/Greece