বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের।
সারসংক্ষেপ
* দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা।
* বাংলাদেশের ও আন্তর্জাতিক আইনের অধীনে নিজের অধিকার থাকার কথা উল্লেখ করেছেন তিনি।
* প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁর সহযোগীরা।
* বাংলাদেশ সরকার বলেছে, তারা কোনো ‘সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না’।
নয়াদিল্লি, ৯ নভেম্বর (রয়টার্স): ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার উদ্দেশ্যে সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটিই তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে তাঁর আবেদন দ্রুত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সরকার।
এই আবেদনকে বাংলাদেশে ফেরার বিষয়ে হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই বছরেরও বেশি সময় আগে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটে। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়িত হলে এমন এক দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে, যেখানে তাঁর দলকে বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে।
হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। সোমবার তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে নির্বাসনে থাকা হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে:
“অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এ অবস্থায় আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।”
চিঠিতে আরও বলা হয়েছে, হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির অধীনে বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।
তবে বাংলাদেশের সরকার এই আবেদন প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “আমরা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দিই না।”
তিনি আরও বলেন, “তিনি একজন পলাতক আসামি। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে। আমরা চাই, ভারত তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিক।”
হাসিনার বিদায়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি হতে পারে
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ তারা পর্যালোচনা করছে। পাশাপাশি নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহের কথাও জানিয়েছিল ভারত।
হাসিনার পতনের আগে তাঁর আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি নিষিদ্ধ হয়। দলটির অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।
বিভিন্ন মেয়াদে মোট ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের জনগণের একটি অংশের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। ফলে তাঁর দেশে প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে। এমন এক সময়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে, যখন দুই বছরের বেশি সময়ের অস্থিরতার পর ঢাকার সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।
অন্যদিকে, তাঁর দেশে ফেরা বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।
Economist/10November/ZI/Reuters