লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ৩১০ অভিবাসন
প্রত্যাশি।উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরীয় দেশ লিবিয়ায় আটক, নির্যাতন ও অপহরণের শিকার হয়ে অনিয়মিত অবস্থায় থাকা ৩১০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল বাংলাদেশি অভিবাসীদের বহনকারী ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগের দিন, লিবিয়ার ত্রিপোলির মিতিগা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন বাংলাদেশি অভিবাসীরা।
লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তি তে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে ২১১ জন ছিলেন মিসরাতায় এবং ৯৯ জন ছিলেন ত্রিপোলিতে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, দূতাবাসের তত্ত্বাবধানে লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ৩১০ জন বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপোলির অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান।.এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,এ নিয়ে চলতি মাসে লিবিয়া সরকারের সহযোগিতায় তৃতীয় চার্টার্ড ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। এর আগে ৯ অক্টোবর প্রথম ফ্লাইটে ৩০৯ জন, ২৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইটে আরো ৩০৯ জন এবং সবশেষ ৩০ অক্টোবর তৃতীয় ফ্লাইটে ৩১০ জনসহ মোট ৯২৮ জন বিপদগ্রস্ত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের সবাই স্বেচ্ছায় দেশে ফিরেছেন। দূতাবাসের উদ্যোগের কারণে অভিবাসীদের জেল ও জরিমানা মওকুফ করে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হয়েছে।
Economist/31 October/ZI/migrants