ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিক্রি করে বিশ্বরেকর্ড গড়লেন আবুল হোসেন!
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২৪ শতাংশ জমি বিক্রি করে বিশ্বরেকর্ড গড়লেন আবুল হোসেন নামের এক ব্যক্তি। জমি (মহাসড়ক) বিক্রির ঘটনাটি শুধু বাংলাদেশেই প্রথম নয় সারা দুনিয়ারও বিরল ঘটনা।
২০০৬ সালে ৫৮২৫ নং খতিয়ানের ২৪ শতাংশ জমি আবুল হোসেনের নামে দেয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
আবুল হোসেনের কাছ থেকে গোলাম ফারুক নামে একজন সেই জমিটির কিছু অংশ কিনে নেন। গোলাম ফারুক সেই কেনা জমির অংশটুকু বন্ধক রেখে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ১৫ কোটি টাকা ঋণ নেন। ঋণ পরিশোধ না করা সেই জমি নিলামে তুলেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। জমিটি মহাসড়ক হওয়ায় দখল না পেয়ে অন্যের জমিতে নিলামের সাইনবোর্ডও লাগিয়েছে ব্যাংকটি।
কিভাবে মহাসড়কের মালিক হলেন এমন প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, তারা লিখলে আমি কী করবো! জরিপের কর্মকর্তারা কেমনে লিখছে সেটা তারাই জানে।
জানা যায়, তৎকালীন সেটেলমেন্ট কর্মকর্তা হাজী ইউনুস আলী যিনি মহাসড়কটির জায়গা আবুল হোসেনকে দিয়েছিলেন তিনি এখন অবসরে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিস্ময় প্রকাশ করে বলেন, এটা কীভাবে সম্ভব, একটি মহাসড়ক বিক্রি হয়ে যাওয়া! এটা মারাত্মক অফেন্স বলে তিনি মন্তব্য করেন। ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান ভূমিমন্ত্রী।
তথ্যসূত্র: যমুনা টেলিভিশন
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬এপ্রিল/জই