১৫ ও ২১ আগস্টের শহীদদের স্মরণে ধনবাড়ীতে আলোচনা সভা ও গণভোজ
টাঙ্গাইলের ধনবাড়ীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার নারকীয় ঘটনায় বাঙালি জাতির জনকসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও গণভোজের বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার(২৭ আগস্ট)ইসপিঞ্জারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি ঊপলক্ষ্যে সকাল থেকে রান্না বান্না শুরু হয়। দুপুরে আশপাশের কয়েক গ্রামের মানুষ গণভোজে অংশ নেন। এর আগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেরামজানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের সদস্য আবদুল লতিফ মাস্টার। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু, জহির উদ্দিন মাস্টার, সাইফুল ইসলাম, সুলতান রাজিবুল আলম,আবু কাইয়ুম, সুমন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু জানান, স্থানীয়ভাবে সকলের আর্থিক সহায়তায় তারা প্রথমবারের মতো এমন আয়োজন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনকসহ তাঁর পরিবারের সদস্যগণ ঘাতকদের নির্মমতায় যেভাবে শহীদ হয়েছেন সে ঘটনা নজিরবিহীন। সেই আগস্টেই ২০০৪ সালের ২১ তারিখে গ্রেনেড হামলা ইতিহাসের জঘন্যতম আরেক ঘটনা। এ দুই ঘটনায় শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও গণভোজ করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯আগস্ট/জই