খুলনায় যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুনীর চৌধুরী সোহেল, রাজনৈতিক প্রতিবেদক, খুলনা
বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আজ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। সকালে সংগঠন কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনে কর্মসূচি শুরু হয়। এরপরে সংগঠনের পক্ষ থেকে কমরেড রতন সেন স্কয়ারে কমরেড রতন সেনের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেল ৫টায় সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক যুব ইউনিয়ন নেতা এস এ রশীদ, অ্যাড. সুব্রত কুণ্ডু, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, টিইউসি নেতা তোফাজ্জেল হোসেন, যুব ইউনিয়ন নেতা শেখ আব্দুল হালিম, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জীবন, খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, সোনাডাঙ্গা থানা সভাপতি তুষার বর্মণ, সদর থানা সভাপতি শাহ মোঃ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায়, ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভ প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, জাতির একটি বিশেষ ক্রান্তিলগ্নে যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায়, একটি অসাম্প্রদায়িক ধারায় পরিচালিত করতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৬ সালের ২৮ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।
সমাজতন্ত্র-সাম্যবাদ অভিমুখে যাত্রা শুরু করে প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং বাস্তবায়ন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির আন্দোলন সর্বোপরি জাতির প্রতিটি গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে যুক্ত থেকে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। বিদ্যমান বাস্তবায়তায় রাজনৈতিক দুর্বৃত্তায়নের সময় যুব সমাজকেই পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। সে লক্ষ্যে যুব ইউনিয়নকে শক্তিশালী করার মাধ্যমে একটি কার্যকর বিপ্লবী ধারার যুব আন্দোলন গড়ে তুলতে হবে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯আগস্ট/জই