কৃষকনেতা আব্দুল মতিন সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত
প্রবীণ কৃষকনেতা কমরেড আব্দুল মতিন সরকার (৯৭) এর কিশোর বয়সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয়। সক্রিয় অংশগ্রহণ করেছিলেন দিনাজপুর অঞ্চলের তেভাগা আন্দোলনে। এরপর মওলানা ভাসানীর দ্বারা অনুপ্রাণিত হয়ে এ অঞ্চলের কৃষকদের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এ অঞ্চলে মওলানা ভাসানী, হাজী মোহাম্মদ দানেশদের ঘনিষ্ঠ সহচরদের মধ্য তিনি ছিলেন অন্যতম। নিবেদিতভাবে কাজ করেছেন ‘৫৪ সালের ‘যুক্তফ্রন্ট’ নির্বাচন, ‘৫৭ সালের ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলনে’র জন্য। দিনাজপুর-ফুলবাড়ী অঞ্চলের নকশাল নেতাদের মধ্য তিনি ছিলেন অন্যতম। ভাসানীর আদর্শের পতাকাবাহী সংগঠন জাতীয় কৃষক খেতমজুর সমিতির পতাকা হাতে তুলে নিয়ে সংগঠিত করেছেন এ অঞ্চলের কৃষক-খেতমজুরদের। সামলেছেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির ফুলবাড়ী উপজেলার সভাপতির দ্বায়িত্ব। তিনি ছিলেন জাতীয় গণফ্রন্টের ফুলবাড়ী উপজেলা সমন্বয়ক।
তেভাগা, নকশাল, খনি আন্দোলন, বিভিন্ন কৃষক আন্দোলনসহ এ অঞ্চলের অসংখ্য আন্দোলন- সংগ্রামের সামনের কাতারের যোদ্ধা কৃষকনেতা আব্দুল মতিন সরকার। তাঁর সমসাময়িক এবং সহযোদ্ধা এ অঞ্চলের প্রখ্যাত কমিউনিস্ট নেতা রূপনারায়ণ, নকশাল আন্দোলনের প্রখ্যাত নেতা ছফ দাদু, কৃষকনেতা শামসুদ্দিন আহমেদ কাঁথাওড়া প্রমুখ। যাদের মধ্য তিনিই ছিলেন শেষ বাতিঘর।
অসংখ্য লড়াই-সংগ্রামের প্রত্যক্ষ যোদ্ধা ও কালের স্বাক্ষী কমরেড আব্দুল মতিন সরকার গত ৩০ জুন ২০২১ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আজ ১৫ নভেম্বর, বিকেল ৩ টায় জাতীয় গণফ্রন্ট ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে কমরেড আব্দুল মতিন সরকার এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শোষণমূলক রাষ্ট্র-সমাজ ব্যবস্থার ধ্বংসস্তুপে শ্রমিক শ্রেণির বিজয়ের পতাকা উড়ানো-গোটা পৃথিবী জুড়ে সাম্য প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সারাজীবন কাজ করে যাওয়া আজীবন বিপ্লবী প্রয়াত কৃষকনেতা আব্দুল মতিন সরকার এর প্রতি শ্রদ্ধাঞ্জলি।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৬ নভেম্বর/ জই