ঢাকায় হাফপাসের প্রজ্ঞাপন জারির আন্দোলনে ছাত্রলীগের হামলা
শিক্ষার্থীদের হাফপাসের প্রজ্ঞাপন জারির দাবিতে নীলক্ষেতে বিক্ষোভ সমাবেশ করে আটটি ছাত্র সংগঠন। একই দাবিতে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠিসোটা চাপাতি চ্যালাকাঠ নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। হাফপাসের আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নীলক্ষেত মোড় থেকে ৮ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসেন, সেখান থেকে শাহবাগ ঘুরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
৮ টি ছাত্র সংগঠনের আয়োজনে আজ ২৩ নভেম্বর, বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টিএসসি ঘুরে নীলক্ষেতে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। নীলক্ষেত মোড়ে দেড় ঘণ্টা ধরে সমাবেশ চলে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সায়েন্সল্যাব মোড়, কাটাবন, শাহবাগ মোড় ঘুরে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
সমাবেশে ছাত্রনেতৃবৃন্দ বলেন, সরকার পরিবহন খাতের সামগ্রিক নৈরাজ্য জারি রেখে ভাড়া বৃদ্ধির বোঝা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। পরিবহন খাতের মাফিয়া এবং চাঁদাবাজের দৌরাত্ম্য ঠেকানোর কোন পদক্ষেপ সরকারের নাই। আন্তর্জাতিক বাজারের অজুহাতে দাম বৃদ্ধি করলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বর্ধিত মূল্য প্রত্যাহার করা হয় না। এগুলো সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ।
ছাত্রনেতারা আরও বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের হাফ পাসের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি করলে ছাত্রদের সাথে পরিবহন শ্রমিকদের অকারণ বাকবিতণ্ডা তর্ক বিতর্ক, মারামারি বন্ধ হবে। শহরের গণপরিবহনে কোনো সিটিং সার্ভিস চলবে না। ওয়েবিল চেকিং এর নামে বাড়তি ভাড়া নেয়া বন্ধ করতে হবে, কিলোমিটার প্রতি ভাড়া নিতে হবে। ন্যূনতম ভাড়ার সিদ্ধান্ত বাতিল করতে।
ছাত্রনেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেয়া হবে।
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা প্রসঙ্গে নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের প্রত্যেকটি আন্দোলনে এবং যেকোনো গণআন্দোলনে ছাত্রলীগ চাপাতি হেলমেট হাতুড়ি লাঠিসোটা নিয়ে হামলা করে। ভোট ডাকাতির সরকারের যেকোনো গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের বিরুদ্ধে যেকোনো গণতান্ত্রিক আন্দোলন দমনে ছাত্রলীগ এবং পুলিশের ভূমিকা একই। আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজের বৃহত্তর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ছাত্রনেতারা।
নীলক্ষেত মোড়ে সমাবেশ থেকে আগামী সোমবার ২৯ নভেম্বর শাহবাগ সহ বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিখা পেরেগু, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি সায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তৌফিকা প্রিয়া।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩ নভেম্বর/জই