রাজধানীর লালবাগে এক কলেজছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
গণধর্ষণের শিকার ওই কলেজছাত্রী বলেন, আমি একাদশ শ্রেণির ছাত্রী। গত শনিবার সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছালে শুভ ও আলামিন আমাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আমাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চার দিন আটকে রেখে ধর্ষণ করে তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থেকে ধর্ষণের শিকার এক কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে এক পথচারী নিয়ে এসেছেন। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি। বর্তমানে ওই কলেজছাত্রী ঢাকা মেডিকেলে আছেন।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৬ফেব্রুয়ারি/আদিল