জাতীয় চলচ্চিত্র অনুদান প্রক্রিয়ায় অসঙ্গতির প্রতিবাদে চলচ্চিত্রকর্মী সমাবেশ। ৪ জুলাই ২০২২ বিবকাল ৫ টায় শাহাবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় চলচ্চিত্র অনুদান প্রক্রিয়ায় অসঙ্গতির প্রতিবাদে ৩৩ টি চলচ্চিত্র সংগঠনের আয়োজনে চলচ্চিত্রকর্মী সর্মাবেশ অনুষ্ঠিত হয়।বছরের পর বছর ধরে নানা অনিময়ই যেন জাতীয় চলচ্চিত্র অনুদানে নিয়মে পরিণত হয়েছ। অনুদান প্রদাণ নীতিমালাকে অবজ্ঞা করে রাজনৈতিক প্রভাব, প্রশাসনের তদবির ও অন্যায্য অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মহৎ এই উদ্যোগটিকে ধ্বংস করা হচ্ছে। ‘জাতীয় চলতিত্র অনুদান ২০২১-২২’ এর সাম্প্রতিক প্রজ্ঞাপন ঘোষণার পরিপ্রেক্ষিতে এবং প্রতি বছরের ধারাবাহিক অসঙ্গতির প্রতিবাদে রাজধানীর শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।তরুণ চলচ্চিত্রকর্মী ও নির্মাতাদের মধ্যে এই প্রতিবাদ সমাবেশ মানজারে হাসিন মুরাদ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ফরিদুর রহমান, জাহিদুর রহিম অঞ্জনসহ দেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক সংহতি প্রকাশ করে জাতীয় চলচ্চিত্র অনুদানের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন।সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের চলচ্চিত্র সংসদকর্মী ও স্বাধীনধারার নির্মাতাদের দাবির মুখে সরকার জীবনঘনিষ্ঠ ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের জন্য ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে জাতীয় চলচ্চিত্র অনুদান প্রদান শুরু করেছিল। কিন্তু বিগত বছরগুলোতে অনুদান প্রদানের অস্বচ্ছ প্রক্রিয়ায় এই শিল্পগুণধর্মী চলচ্চিত্রের ধারা বহমান থাকেনি, বরং অনুদানপ্রাপ্ত বিভিন্ন চলচ্চিত্রের মান ও গুণ উভয়ই প্রশ্নবিদ্ধ হয়েছে।‘জাতীয় চলচ্চিত্র অনুদান ২০২১-২২’ এর সাম্প্রতিক প্রজ্ঞাপন ঘোষণার প্রেক্ষিতে এবং বিগত কয়েক বছরের ধারাবাহিক অসঙ্গতির প্রতিবাদে আমরা সারাদেশের ৩৩টি চলচ্চিত্র সংগঠন একাত্মতা প্রকাশ করেছি।
৩৩ টি চলচ্চিত্র সংগঠন হলো-
১। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদ
২। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম
৩। বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ
৪। বাংলাদেশফিল্ম ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশন
৫। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এলামনাই এসোসিয়েশন
৬। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ
৭৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি
৮। জহির রায়হান চলচ্চিত্র সংসদ (জাবি)
৯। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনে সোসাইটি
১০। চলচ্চিত্র আন্দোলন (জাবি)
১১৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব
১২। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ফিল্ম ও ফটোগ্রাফি ক্লাব
১৩। ঢাকা চলচ্চিত্র আন্দোলন
১৪। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ
১৫। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র
১৬। বরেন্দ্র ফিল্ম সোসাইটি
১৭। রাজশাহী ফিল্ম সোসাইটি
১৮। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি
১৯। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি
২০৷ খুলনা বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব
২১। খুলনা ফিল্ম সোসাইটি
২২। সিলেট ফিল্ম সোসাইটি
২৩। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ
২৪। চোখ ফিল্ম সোসাইটি (শাবিপ্রবি)
২৫। শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ
২৬। কাকতাড়ুয়া (স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন)
২৭। কীর্তনখোলা ফিল্ম সোসাইটি (ববি)
২৮। হীরালাল সেন চলচ্চিত্র কেন্দ্র
২৯। টাঙ্গাইল চলচ্চিত্র সংসদ
৩০। এনলিভেন সিনেমা ক্লাব
৩১। টরেন্টো ফিল্ম ফোরাম
৩২। স্ট্যামফোর্ড ফিল্ম ফোরাম
৩৩। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া
সমাবেশে দশটি প্রস্তাবণা উপস্থাপন করা হয়:
০১। জাতীয় চলচ্চিত্র অনুদানে স্বাধীনধারার চলচ্চিত্রের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে এবং বাণিজ্যিকধারার চলচ্চিত্রকে প্রাধান্য দেয়া হচ্ছে। যা অনুদান নীতিমালায় বর্ণিত “মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ” চলচ্চিত্র নির্মাণে পৃষ্ঠপোষকতার বিরোধী।
আমাদের দাবি হচ্ছে, জাতীয় চলচ্চিত্র অনুদানে স্বাধীনধারার চলচ্চিত্রকে প্রাধান্য দিতে হবে এবং বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের জন্য পৃথক পরিকল্পনা গ্রহন করতে হবে।
০২। অনুদান নীতিমালায় ও প্রস্তাব আহ্বানকালে প্রামাণ্যচিত্রের উল্লেখ থাকলেও গত তিন বছর ধরে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রে কোনো অনুদান দেওয়া হয় নি। আমাদের দাবি এই যে, কাহিনীচিত্রের সমপরিমাণ অর্থ ও সংখ্যা সাপেক্ষে প্রতি বছর প্রামাণ্যচিত্রে অনুদান নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রামাণ্যচিত্রের জন্য পৃথক জুরি বোর্ড গঠন করতে হবে, যার সদস্যগণ প্রামাণ্যচিত্র নির্মাতা/প্রযোজক/শিক্ষক অথবা দীর্ঘসময় প্রামান্যচিত্রে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি হতে হবে।
০৩। গত কয়েক বছরের তুলনায় এবার আশঙ্কাজনক হারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সংখ্যা কমে গেছে। অথচ একটি মানসম্মত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রভাব কোনো অংশেই পূর্ণদৈর্ঘ্যের চেয়ে কম নয়। আমরা প্রতিবছর ন্যূনতম ২০ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান প্রদান এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্য ১৫-৪০ মিনিট সুনির্দিষ্ট করে দেয়ার দাবি জানাই।
০৪। নির্মাতার উপর অপ্রয়োজনীয় বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া যাবে না। যেহেতু এফডিসির বাইরেও কারিগরি সহায়তার সুযোগ আছে, তাই এফডিসির কারিগরি সরঞ্জাম ব্যবহারের বাধ্যবাধকতা লোপ করতে হবে। এছাড়াও এফডিসির এবং অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান যেমনঃ পরিচালক সমিতি ও প্রযোজক সমিতি প্রভৃতির ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা লোপ করতে হবে।
০৫। চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ায় নির্মাতাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। এজন্য-
(ক) ১ম কিস্তিতে প্রোডাকশন খরচের সম্পূর্ণ অর্থ (প্রদানকৃত অনুদানের ন্যূনতম ৬০ ভাগ) প্রদানের নিময় চালু করতে হবে।
(খ) মেন্টর পদ্ধতি বিলোপ করতে হবে।
(গ) চলচ্চিত্রের নির্মাণকালের সময়সীমা বৃদ্ধি করতে হবে।
০৬। নির্মিত চলচ্চিত্র সিনেমা হলে মুক্তির দায় প্রযোজককে না দিয়ে চলচ্চিত্রের প্রদর্শনের ব্যাপারে সরকারকেই উদ্যোগী হতে হবে।
০৭। অনুদান প্রদানের জন্য স্বতন্ত্র বোর্ড/দপ্তর গঠন করে বাছাই কমিটি, অনুদান কমিটি ও প্রিভিউ কমিটিতে যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং এই প্রক্রিয়াগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অনুদান সংশ্লিষ্ট মিটিং/প্রিভিউ মন্ত্রণালয়ের বাইরে উক্ত বোর্ডে কিংবা তথ্য ভবনে করার উদ্যোগ নিতে হবে।
০৮। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে অনুদান নীতিমালার সংশোধন করতে হবে এবং মন্ত্রণালয়কে নীতিমালা মেনে চলতে হবে।
০৯। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে অনুদান প্রদানের চুক্তিপত্রে বিদ্যমান শর্তাবলী সংশোধন করতে হবে।
১০। প্রাথমিক বাছাইয়ের পর বাছাইকৃত প্রস্তাবকদের সাথে সাক্ষাৎকার গ্রহণ রীতি চালু ও তার ফলাফল প্রকাশ করতে হবে।
সমাবেশ শেষে প্রতিবাদী গণসঙ্গীত ও অনুদান প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭জুলাই/জই