প্রগতিশীল ছাত্র সংগঠনের আয়োজনে চট্টগ্রামে ধর্ষণ বিরোধী সমাবেশ
মাওলানা ভাসানী যেভাবে জুলুমের বিরুদ্ধে “খামোশ” উচ্চারণ করেছিলেন সেভাবে একালের তরুণদেরকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করতে হবে। ধর্ষণ ও গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করতে হবে। ভারতসহ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করতে হবে। আজ ২৭ নভেম্বর (শুক্রবার) বিকেলে লালদীঘির পাড়ে “ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ” চট্টগ্রাম আয়োজিত এক গণসমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা গোলাম মোস্তফা এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের এক চরম ক্রান্তিলগ্নে “ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ” সারাদেশে আন্দোলন কর্মসূচি পালন করছে। ধর্ষণ, বিচারবর্হিভূত হত্যা, লুটপাট, এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এসকল ঘটনায় এমপি, মন্ত্রীসহ সরকারদলীয় নেতাকর্মী, মাস্তানরা জড়িত। সরকারি দলের অনুগত ছাত্র সংগঠনের উৎপাত, সহিংসতাও থেমে নেই।
বক্তারা বলেন, শুধু মৃত্যুদণ্ড দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না। কোন অপরাধ করে কেউ যেন পার পেয়ে না যায় এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় নি। বক্তারা ধর্ষণ, বিচারহীনতা ও গুম-খুনের বিরুদ্ধে পাহাড় ও সমতলের সকলকে সোচ্চার হবার আহ্বান জানান৷
বক্তারা আরো বলেন, যে ব্যবস্থা ধর্ষক তৈরি করে, গুণ্ডাতন্ত্র জিইয়ে রেখে মানুষ, পাহাড়, প্রাণ-প্রকৃতির ওপর জুলুম-জবরদস্তি চালায়, মানুষের সমস্ত অধিকার ও নিরাপত্তা কেড়ে নেয়, সেই ব্যবস্থা পাল্টাতে হবে। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র-যুব-নারী সহ সর্বস্তরের মানুষের সমন্বয়ে গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ধীষণ প্রদীপ চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আরিফ মঈনুদ্দিন।
চট্টগ্রাম মহানগর নেতৃত্ববৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্ট নগরের ভারপ্রাপ্ত সভাপতি দীপা মজুমদার, ছাত্র ফেডারেশনের সদস্য সচিব কলি কায়েয, ছাত্র ফ্রন্ট নগরের সংগঠক এ্যানি চৌধুরী। সভা সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি রায়হান উদ্দিন।
বিডিনিউজ ইউরোপ/২৭ নভেম্বর/জই