• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আ লীগেরও এক দফা প্রধানমন্ত্রীর অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

আওয়ামীলীগেরও এক দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না। বুধবার (১২ জুলাই) রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আয়োজিত যৌথ শান্তি সমাবেশে বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলনের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।তিনি বলেন,“আমাদের এক দফা দাবি, তা হলো শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন। যেখানে বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ, আমাদের দাবি উল্টো”।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে ছাড়া আমাদের নির্বাচন হবে না। বিএনপি জানে তারা নির্বাচনে হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার মুখে তারা ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে হিংসা করে”। তিনি বলেন, উন্নয়ন শেখ হাসিনার অপরাধ। তাঁর অপরাধ তিনি ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।

বিএনপির একটি স্বপ্নের মৃত্যু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা এখন আবার স্বপ্ন দেখছে। তিনি প্রশ্ন করেন, “তারা কী স্বপ্ন দেখছে, শেখ হাসিনার পদত্যাগ?” ওবায়দুল কাদের বলেন, “আপনারা (বিদেশি প্রতিনিধিদল) অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। আমরাও তা চাই। যে কেউ অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে”।

তিনি বলেন, তাদের এক দফা সংবিধান অনুযায়ী নির্বাচন এবং এই লক্ষ্য অর্জনে তারা কাজ করে যাচ্ছেন। দলের নেতাদের ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন পর্যন্ত খেলা চলবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে কোনো অপশক্তি তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না”। সমাবেশে ওবায়দুল কাদের দলের নেতাদের নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করতে বলেন এবং সব উপ-সংগঠনের নেতাদের সমাবেশ করার নির্দেশ দেন।

সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অল্প সময়ের নোটিশে আপনারা এই সমাবেশকে সফল করে তুলেছেন। জনসমুদ্রের যে তরঙ্গ আপনারা তুলেছেন তাতে বিএনপির এক দফা ভেসে যাবে।

তিনি বলেন, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার দেশে সারের সংকট হয়েছে, খাদ্যের সংকট হয়েছে, মঙ্গা হয়েছে। মানুষ সংকটে পড়ে আত্মাহুতি দিয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কোনও সংকট থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা রেখেছেন। সব প্রতিশ্রুতি পূরণ করেছেন। উন্নয়নের বিপ্লব হয়েছে। সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। কিন্তু বিএনপি আবারও দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। এখন বিদেশিদের হাতে পায়ে ধরে ক্ষমতা ভিক্ষা চাইছে।

সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, যে বাংলাদেশের সতের কোটি মানুষ শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য, সেই শেখ হাসিনার পদত্যাগের দাবি করেছে পলাতক আসামির দল। পাকিস্তান আজ নিলামে উঠেছে, কে কত দিয়ে পাকিস্তান কিনবে। যাদের মুরুব্বিদের এই অবস্থা তারা কী করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলে?

তিনি বলেন, বিএনপি বলে নিরপেক্ষ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে। এই কথা বলে ওরা বিদেশি ঘটক নিয়ে এসেছে। ঘটকরা এখনো বাংলাদেশে আছে। তারা নির্বাচন কমিশন থেকে বেরিয়ে বলেছে, এই কমিশনের সুষ্ঠু নির্বাচনের দক্ষতা ও সক্ষমতা আছে। তারা অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কীসের এক দফা? আসলে এই দেশের উন্নয়ন ওদের সহ্য হয় না। দেশের মানুষ খেয়েপরে উন্নত বাংলাদেশ দেখুক এটা ওদের সহ্য হয় না।

তিনি বলেন, ওরা বলে নির্বাচন বর্জন করবে, প্রতিহত করবে। আগেও এগুলো করেছে। সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আপনারা প্রস্তুত থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন ওদের প্রতিহত করতে। বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

দলের অন্যতম সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিন বলেন, এই সমাবেশ প্রমাণ করে আগামী নির্বাচনে যতই টালবাহানা, ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা উন্নয়নের সরকার গঠন করবো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপির এক দফার জবাবে বলতে চাই, সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসার কোনও সুযোগ এই দেশে নেই। নির্বাচন কমিশনকে সরকার কোনোভাবেই প্রভাবিত করবে না। অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, আজকের সমাবেশের লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। বিএনপি আইন মানে না, গণতন্ত্র মানে না। সন্ত্রাসী করে ক্ষমতায় যেতে চায়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাপা, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শেখ বজলুর রহমান, হুমায়ুন কবির, নুরুল আমিন রুহুল, আবদুল কাদের খান, হাবিব হাসান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, কৃষক লীগের সভাপতি সমির চন্দ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমীন সুলতানা লিলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

এ ছাড়া, মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ইসহাক আলী খান পান্না, লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সিদ্দিকী নাজমুল আলম, সাইফুর রহমান সোহাগ, বর্তমান সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহানগর আওয়ামী লীগের ডা. দিলীপ রায়, হেদায়েতুল ইসলাম স্বপন, মোর্শেদ হোসেন কামাল, গোলাম সরোয়ার কবির, রিয়াজ উদ্দিন রিয়াজ, আনিসুর রহমান, আজিজুল হক রানাসহ উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/১৩জুলাই/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ