নিউইয়র্ক মেয়র নির্বাচন: অ্যাডামস সরে দাঁড়ালেন, মামদানি–কুয়োমো প্রতিদ্বন্দ্বিতাই মূল লড়াই।।নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস অবশেষে আসন্ন মেয়র নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আপনাদের মেয়র হিসেবে কাজ করা আমার জন্য গৌরবের বিষয় ছিল। তবে আমি জানি, আমি আমার প্রচারণা চালিয়ে যেতে পারব না।”অ্যাডামস বর্তমানে জরিপে চতুর্থ অবস্থানে ছিলেন। এগিয়ে আছেন সমাজতান্ত্রিক প্রার্থী জোহরান মামদানি, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। বিশ্লেষকদের মতে, অ্যাডামস সরে দাঁড়ানোর ফলে নভেম্বরের মূল লড়াই এখন মামদানি ও কুয়োমোর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউস কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে ব্যাকরুম আলোচনায় ছিলেন, যাতে অ্যাডামস বা স্লিওয়া কেউ একজন সরে দাঁড়ান—এর মূল লক্ষ্য ছিল মামদানির জয়ের সম্ভাবনা রুখে দেওয়া। জরিপ বলছে, মামদানির বিপক্ষে ওয়ান-টু-ওয়ান প্রতিদ্বন্দ্বিতায় কেবল কুয়োমোই শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
অ্যাডামস তার বক্তব্যে মামদানি ও কুয়োমোকে লক্ষ্য করে ইঙ্গিতপূর্ণ সমালোচনাও করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, স্থানীয় সরকার যেন “চরমপন্থী আদর্শ বাস্তবায়নের হাতিয়ার” না হয়, আবার ইঙ্গিত দিয়েছেন কুয়োমোর “নীতিগত অস্থিরতা” নিয়েও।প্রথম মেয়াদে অ্যাডামস অপরাধ কমানো, অভিবাসন সংকট মোকাবিলা ও আবাসন নির্মাণের অগ্রগতি দাবি করলেও দুর্নীতি মামলা ও প্রশাসনিক কেলেঙ্কারিতে তার জনপ্রিয়তা ভেঙে পড়ে। ফেডারেল আদালত পরে অভিযোগ খারিজ করলেও জনমনে আস্থা ফেরানো তার পক্ষে সম্ভব হয়নি।
রাজনীতি থেকে পুরোপুরি সরে যাওয়ার কোনো ইঙ্গিত না দিয়ে অ্যাডামস বলেন, “এটি আমার প্রচারণার শেষ, কিন্তু জনসেবার নয়। আমি নিউইয়র্কের জন্য লড়াই চালিয়ে যাব।”তার নাম নভেম্বরের ব্যালটে থাকলেও মূল প্রতিযোগিতা যে মামদানি ও কুয়োমোর মধ্যে হবে, তা এখন স্পষ্ট। রিপাবলিকান প্রার্থী স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শেষ পর্যন্ত নির্বাচন নির্ধারণ করবে মামদানির ক্রমবর্ধমান জনপ্রিয়তা বনাম কুয়োমোর অভিজ্ঞতার লড়াই।
Economist/28September/ZI/politics