প্যারিস, ফ্রান্স;টাংগাইল শাড়ী বুনন শিল্প পেল ইউনেস্কোর বৈশ্বিক স্বীকৃতি। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাংগাইল শাড়ী বুনন শিল্প ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত ইউনেস্কো ২০০৩ কনভেনশনের ২০-তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের চলমান সভায় সর্বসম্মতিক্রমে এই নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়। এটি কনভেনশনের আওতায় বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন এবং পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ার পর গত চার বছরে দেশের দ্বিতীয় সাফল্য। এর আগে ২০২৩ সালে ঢাকার রিকশা ও রিকশাচিত্র একই স্বীকৃতি অর্জন করে।বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা ও ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি, স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ দুই শতকের বেশি সময় ধরে টাংগাইল তাঁতিদের অনবদ্য শিল্পকর্ম আজ বিশ্বস্বীকৃতি পেল।

তিনি এই অর্জন দেশের সকল তাঁতি ও নারীদের প্রতি উৎসর্গ করেন, যাদের নিত্য পরিধানে টাংগাইল শাড়ীর জনপ্রিয়তা এই স্বীকৃতি অর্জনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।চলতি বছরের এপ্রিলে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ২০০৩ কনভেনশনের নির্ধারিত কাঠামো অনুযায়ী নিবন্ধনের আবেদন দাখিল করে। নিয়ম অনুসারে মূল্যায়ন কমিটির প্রাথমিক পর্যালোচনা শেষে বিষয়টি আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের অনুমোদনের জন্য উত্থাপিত হয়। জটিল কারিগরি প্রক্রিয়ার মধ্য দিয়ে নথি প্রস্তুত হলেও দূতাবাস নিজস্ব সক্ষমতায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করে এবং সদস্যদের অনুমোদন লাভ করে। ২০২৩ সালে ভারত টাংগাইল শাড়ীকে তাদের ভৌগোলিক পণ্য হিসেবে ঘোষণা করলে বিষয়টি নিয়ে দুই দেশে আলোচনা ও বিতর্ক তৈরি হয়। তবে ইউনেস্কোর এই নিবন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট জটিলতার অনেকটাই নিরসন হলো বলে মনে করছেন অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক গবেষক ও পেশাজীবীরা।

পর্ষদ বাংলাদেশের দাখিলকৃত নথিকে ২০০৩ কনভেনশনের মানদণ্ড অনুযায়ী উচ্চমানসম্পন্ন নিবন্ধন হিসেবে মূল্যায়ন করেছে।এ প্রসঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ জানান, আন্তর্জাতিক কনভেনশনের অধীন হওয়ায় এই নিবন্ধন সম্পূর্ণ আইনসম্মত ও সর্বজনস্বীকৃত। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের নারীদের কাছে শাড়ী সমান জনপ্রিয় পোশাক, ফলে এই স্বীকৃতি শাড়ীপ্রেমী নারীদের জন্য নতুন করে গর্বের সুযোগ এনে দেবে।২০১২ সালের একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ চার বছরের জন্য ইউনেস্কো ২০০৩ কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সদস্যপদ লাভ করে। এই অর্জনের মধ্য দিয়ে দেশের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা আরও বিস্তৃত হয়।

রাষ্ট্রদূত তালহা মনে করেন, বাংলাদেশে ইউনেস্কোর স্বীকৃতির যোগ্য আরও বহু ঐতিহ্য রয়েছে। নথি প্রস্তুতের সক্ষমতা বাড়ানো ও দক্ষ জনবল গড়ে তুললে ভবিষ্যতে আরও নিবন্ধনের সুযোগ সৃষ্টি হবে।এর আগে গত ৭ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর নয়াদিল্লীতে পর্ষদের ২০-তম অধিবেশনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইউনেস্কোর নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি উপস্থিত ছিলেন। সভা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।
Economist/9December/ZI/paris