• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিপদ ঠেকাতে গিয়ে আরও বিপদে কলকাতায় বাংলাদেশিরা, হোটেল খুঁজে হন্যে চিকিৎসাপ্রার্থীরা

Online desk at Athens office
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিপদ ঠেকাতে গিয়ে আরও বিপদে কলকাতায় বাংলাদেশিরা, হোটেল খুঁজে হন্যে চিকিৎসাপ্রার্থীরা।এক বিপদ কাটতে না কাটতেই যেন নতুন বিপদের মুখে পড়েছেন কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা। নিউমার্কেটের ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর পর প্রশাসনের কড়া পদক্ষেপে একের পর এক হোটেল বন্ধের নোটিশ ঝুলছে। আর তাতেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন চিকিৎসার জন্য কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকরা।

কেউ ক্যানসারের চিকিৎসা করাতে এসেছেন, কেউ পরিবারের সদস্যকে নিয়ে হাসপাতালে ঘুরছেন। এতদিন কম খরচে নিউমার্কেট ও মারক্যুইস স্ট্রিটের আশপাশে হোটেল বা গেস্ট হাউসে থাকাই ছিল তাদের ভরসা। এখন সেই ভরসার জায়গাগুলোর দরজায় ঝুলছে নোটিশ। ফলে থাকার জায়গার খোঁজে রীতিমতো হন্যে হয়ে ঘুরছেন তারা।

গত ১৮ আগস্ট নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। সেই ঘটনায় সাত বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন। কলকাতা পুলিশ, দমকল এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে শুরু হয় হোটেল ও গেস্ট হাউসে তল্লাশি।

প্রশাসনের দাবি, নিউমার্কেট ও মারক্যুইস স্ট্রিট এলাকার বহু হোটেল প্রয়োজনীয় নিয়ম মেনে চলছিল না। কোথাও অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই, কোথাও আবার প্রয়োজনীয় অনুমোদনের অভাব। এমন অভিযোগে একের পর এক হোটেল ও গেস্ট হাউসকে নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ, নোটিশের জবাব এবং প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সেখানে নতুন করে কোনও অতিথিকে রাখা যাবে না।

শনিবার পর্যন্ত কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ১৯৩টি হোটেল ও গেস্ট হাউসকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল। সোমবার (২৪ আগস্ট) আরও ১৭টি প্রতিষ্ঠানে নোটিশ ঝুলেছে। সব মিলিয়ে শুধু নিউমার্কেট এলাকাতেই ২০০-র বেশি হোটেল, গেস্ট হাউস ও লজ এখন বন্ধের মুখে।

এই তালিকায় রয়েছে সম্রাট, ডিকে ইন্টারন্যাশনাল, ভিআইপি, ওরিয়েন্টাল, দ্য ক্রিস্টালের মতো পরিচিত হোটেল। রয়েছে অসংখ্য ছোট লজ ও গেস্ট হাউসও।সমস্যাটা যে শুধু বাংলাদেশিদের, তা নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতের অন্য রাজ্য থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য কলকাতায় আসেন। কম খরচে থাকার সুবিধার জন্য তাদেরও পছন্দের জায়গা ছিল নিউমার্কেট অঞ্চল। এখন তারাও বিপাকে।

বাংলাদেশি নাগরিক ও ক্যানসার রোগী রেহানা আক্তারের কথায়, ‘‘আমরা চিকিৎসার জন্য কলকাতায় এসেছি। মারক্যুইস স্ট্রিট আমাদের কাছে সব দিক থেকেই সুবিধাজনক। থাকা-খাওয়া থেকে শুরু করে নিরাপত্তা—সবকিছুই হাতের কাছে। এখন হঠাৎ করে কোথায় যাব, বুঝতে পারছি না।’’

সোমবার(২৪ আগস্ট) চিকিৎসার জন্য পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসেছিলেন সেলিম। নিউমার্কেট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও হোটেল পাননি তিনি। শেষ পর্যন্ত নিরাশ হয়ে শিয়ালদহের দিকে যেতে হয়। কিন্তু সেখানেও সহজে থাকার জায়গা মেলেনি বলে অভিযোগ।

স্থানীয় ব্যবসায়ীরাও উদ্বিগ্ন। তাদের বক্তব্য, ‘শিখা ইন’-এর ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক। এমন মৃত্যু কেউই মেনে নিতে পারেন না। কিন্তু একটি ঘটনার পর একসঙ্গে এত হোটেল বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়বে হাজার হাজার মানুষের উপর।

হোটেল ব্যবসায়ী সলিল চৌধুরী বলেন, ‘‘দুর্ঘটনা কখনও কাম্য নয়। কিন্তু একটা ঘটনার জন্য সবকিছু বন্ধ করে দিলে সমস্যা আরও বাড়বে। মারক্যুইস স্ট্রিটের ব্যবসার সঙ্গে প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষের পরিবার জড়িয়ে আছে। এখানকার ব্যবসার একটা বড় অংশই বাংলাদেশি অতিথিদের উপর নির্ভরশীল।’’

বেসরকারি সূত্রে জানা যাচ্ছে, অভিযান শুধু নিউমার্কেটেই সীমাবদ্ধ নেই। গোটা কলকাতাজুড়েই নিয়মবহির্ভূত হোটেল, গেস্ট হাউস ও লজের বিরুদ্ধে তল্লাশি চলছে। প্রায় ৭০০টি প্রতিষ্ঠানে নোটিশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হচ্ছে, যদিও এই সংখ্যার সরকারি নিশ্চিত তথ্য এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে পুলিশ ও দমকলের বক্তব্য, মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা যাবে না। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং অন্যান্য নিয়ম মেনেই হোটেল চালাতে হবে। যেসব প্রতিষ্ঠানে সেই ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিন্তু প্রশাসনের এই নিরাপত্তা অভিযানের মাঝেই এখন সবচেয়ে বড় প্রশ্ন—চিকিৎসার জন্য প্রতিদিন কলকাতায় আসা শত শত বাংলাদেশি ও অন্য রাজ্যের মানুষ থাকবেন কোথায়? বর্ষার এই সময়ে মাথা গোঁজার একটা জায়গা খুঁজতেই এখন কলকাতার পথে পথে ঘুরছেন তারা।

Economist/25August/ZI/kalkata


আরো বিভন্ন ধরণের নিউজ