অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ায় অভিবাসনের সংখ্যা নিয়ন্ত্রণ এবং ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে আল বানিজি সরকার। নতুন পরিকল্পনায় আন্তর্জাতিক শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য, ভিজিটর এবং ওয়া র্কিং হলিডে ভিসাধারীদের ওপর আরও কঠোর শর্ত আরোপ করা হবে।ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীর ক্ষেত্রে জীবনসঙ্গী ও সন্তানদের সঙ্গে আনার সুযোগ সীমিত করা হবে। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্দিষ্ট কিছু দেশের শিক্ষার্থীরা আংশিক ছাড় পেতে পারেন। কারা এই ছাড়ের আওতায় থাকবেন এবং নিয়মটি কবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশনা এখনও প্রকাশের অপেক্ষায় রয়েছে।
সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের বারবার কোর্স পরিবর্তন করে অস্ট্রেলিয়ায় অবস্থানের মেয়াদ বাড়ানোর প্রবণতা, যাকে ‘ভিসা হপিং’ বলা হচ্ছে, সেটিও নিয়ন্ত্রণ করতে চায়। একই সঙ্গে ইংরেজি ভাষায় দক্ষতা ও আর্থিক সক্ষমতার শর্ত আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে।
ভিজিটর ভিসায় ব্যাপকভাবে ‘No Further Stay’ শর্ত প্রয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে অস্ট্রেলিয়ায় অবস্থানকালে অনেক ভিজিটর অন্য ধরনের ভিসার আবেদন করে দীর্ঘমেয়াদে থেকে যাওয়ার সুযোগ পাবেন না।
ওয়ার্কিং হলিডে ভিসার দ্বিতীয় ও তৃতীয় বছরের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও ব্যালট বা লটারিভিত্তিক ব্যবস্থা এবং আঞ্চলিক এলাকায় কাজের শর্ত চালুর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৭৭ হাজার ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত ১০০ জন কর্মকর্তা নিয়োগের কথাও জানানো হয়েছে।
সরকারের লক্ষ্য ২০২৬–২৭ অর্থবছরে নেট বৈদেশিক অভিবাসন প্রায় ২ লাখ ৪৫ হাজারে এবং ২০২৭–২৮ সালে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা। তবে বিশ্ববিদ্যালয় ও কৃষি খাতের প্রতিনিধিরা সতর্ক করেছেন, অতিরিক্ত কঠোরতা আন্তর্জাতিক শিক্ষা, আঞ্চলিক শ্রমবাজার এবং অস্ট্রেলিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নতুন নিয়মগুলোর কার্যকর হওয়ার তারিখ ও পূর্ণাঙ্গ যোগ্যতার শর্ত সরকারিভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত বর্তমান শিক্ষার্থী বা ভিসাধারীদের আতঙ্কিত না হয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Economist/17September/ZI/Australia