অভিবাসীদের ফেরত পাঠাতে ফ্রন্টেক্সের ক্ষমতা বাড়াচ্ছে ইইউ, যুক্ত হচ্ছে ১৭ হাজার এজেন্ট। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং অভিবাসীদের নিজনিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করতে সীমান্ত নিরাপত্তা সংস্থা ফ্রন্টেক্সের সংস্কারের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। প্রস্তাবে সংস্থাটির স্থায়ী বাহিনীর সদস্যসংখ্যা বাড়িয়ে ৩০ হাজার করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ইতালির বার্তা সংস্থা আনসার (ANSA) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রস্তাবিত সংস্কারের অন্যতম প্রধান লক্ষ্য হলো, অভিবাসীদের প্রত্যাবাসন কার্যক্রমে ফ্রন্টেক্সকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যকরী সংস্থা হিসেবে গড়ে তোলা। এ জন্য সংস্থাটির অধীনে নতুন করে ‘ইউরোপীয় সীমান্ত ও প্রত্যাবাসন রিজার্ভ’ গঠনের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী, ‘রিটার্ন রিজার্ভ’ নামে নতুন ব্যবস্থায় অতিরিক্ত ১৭ হাজার সদস্য যুক্ত করা হবে। এসব সদস্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রয়োজনে ব্যবহার করা যাবে।
প্রস্তাবে ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ নামে একটি দ্রুত রেসপন্স বাহিনী গঠনের কথা বলা হয়েছে। সীমান্তে সংকট দেখা দিলে এই বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।
এ ছাড়া সীমান্তে সম্ভাব্য হুমকি শনাক্ত করার জন্য একটি নতুন অনলাইন পর্যবেক্ষণ কেন্দ্র এবং অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম সমন্বয়ের জন্য একটি বিশেষ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবের মাধ্যমে ইউরোপের বহিঃ সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনিয়মিত অভি বাসীদের প্রত্যাবাসন আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
Economist/3November/ZI/Italy