তুরস্ক বাংলাদেশের কাছে ডি ৮ জোটের সভাপতির দায়িত্ব হস্তান্তর করেছে
তুরস্কের জনপ্রিয় ইংরেজি দৈনিক A News জানিয়েছেন যে,বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে উন্নয়নশীল ৮ জাতির
জোট ডি ৮ জোটের সভাপতির দায়িত্ব হস্তান্তর করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভল্যাট শ্যাভুয়েওলু সাইদ (Mevlüt Çavuşoğlusaid) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের নিকট দায়িত্ব হস্তান্তর করে এক টুইট বার্তায় বাংলাদেশের সভাপতিত্বে সংগঠনের সাফল্য কামনা করেছেন।
এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছেন যে, করোনার জন্য বাংলাদেশের সভাপতিত্বে উন্নয়শীল দেশের জোট ডি-৮ এর এবারের শীর্ষ সম্মেলন অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হবে। বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু, আইসিটি, খনিজ সম্পদ এবং পর্যটনকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন। উন্নয়শীল আটটি দেশের জোট হচ্ছে ডি-৮।
এই বারের আয়োজনটি ঢাকায় হওয়ার কথা ছিল। তবে কভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে এই আয়োজন ভার্চুয়াল প্লাটফর্মে হচ্ছে। ভার্চুয়াল প্লাটফরমেই ডি-৮ শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেবেন। বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জি-৮ ভুক্ত অন্যান্য দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান, নাইজেরিয়া ও পাকিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘বৈশ্বিক রূপান্তরের জন্য অংশীদারিত্ব: যুব সম্প্র্রদায় ও প্রযুক্তি শক্তির মুক্তি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। আলোচনায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় জোটের সদস্য দেশসমূহের কাছে আরও সহযোগিতা চাওয়া হবে। ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বানিজ্য এবং বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করার সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা করা হবে।
তিনি আরও জানান, এবারের শীর্ষ সম্মেলনে বর্তমান ডি-৮ সভাপতি তুরস্ক, বাংলাদেশকে ডি-৮ সভাপতির দায়িত্ব হস্তান্তর করেছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮এপ্রিল/জই