টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল, সম্পাদক মোস্তফা
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলনের দেড়মাস পর সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না সভাপতি ও নূরুল মোস্তফাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে একটি কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান স্বাক্ষরিত জেলা ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদনের ৩ মাসে মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রলীগ বরাবরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কমিটি অনুমোদন ঘোষণার পর সাধারণ সম্পাদক নূরুল মোস্তফার সাথে কক্সবাজার বিএনপির কয়েকজন নেতাদের সাথে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইস বুক) ছড়িয়ে পড়ে। সেখানে তাকে ছাত্রদলের কর্মী বলে দাবী করা হয়। বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, ছবিটি বিগত ৭ বছর পূর্বে একটি পারিবারিক অনুষ্টানের তোলা।
জেলা ছাত্রলীগের একটি সূত্র ও বর্তমান কমিটির সভাপতি সাইফুল “বিডিনিউজ ইউরোপ” কে জানান, নূরুল মোস্তফা চট্টগ্রাম কাজেম আলী স্কুলে পড়াশোনা কালিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তিতে ২০১৪ সাল থেকে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান নুরুল মোস্তফার পরিবার ও তিনি নিজেও আপাদমস্তক একজন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। ব্যাক্তি আক্রোশের জায়গা থেকে নুরুল মোস্তফা কে নিয়ে যা লিখতেছে তা সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারী টেকনাফ উপজেলা ছাত্রলীগের দশম সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই দিন সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন না করে নেতৃবৃন্দ কক্সবাজার ফিরে আসেন।
পরবর্তী এক বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন করা হয় ককসবাজার জেলা ছাত্র লীগের পক্ষ থেকে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪এপ্রিল/জই