মামুনুল হক গ্রেফতারেও নিরুত্তাপ হাটহাজারী
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাকে গ্রেফতারের খবরেও হেফাজতের দুর্গ বলে খ্যাত হাটহাজারীতে কোনো উত্তাপ নেই।
মাওলানা মামুনুল হকের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লেও এলাকার পরিবেশ পুরোপুরি শান্ত ছিল। হেফাজতের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। পাশাপাশি উপজেলার বিভিন্ন পয়েন্টে বেশ সর্তক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার শত শত সদস্য।
হাটহাজারীর সাবিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন জানান, পরিস্থিতি খুবই শান্ত। কোনো তৎপরতা দেখছি না।
এর আগে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরের সভাপতি এবং হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, সহকারী মহাসচিব মঞ্জুরুল হক আফেন্দি ও মাওলানা শাখাওয়াত হোসেন রাজিসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করার পর কোনো কর্মসূচি ঘোষণা করেনি হেফাজত।
এদিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনলাইনে জরুরি বৈঠকে বসেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। রোববার ইফতার শেষে হাটহাজারী মাদ্রাসায় এ বৈঠক বসে বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এটা তিনি বলতে অপারগতা প্রকাশ করে বলেন, বৈঠকে আলোচনার বিষয়টি জানানো হবে।
তবে মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তির ব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, হেফাজতের চলমান এ সংকট রাজপথে নয়, আইনিভাবে মোকাবেলা করবে হেফাজত। এমন পরিকল্পনা নিয়ে তারা শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে সামনের দিকে এগোচ্ছেন বলে তিনি জানান।
এদিকে হেফাজতের কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করার পর বিভিন্ন সময় বিবৃতি দিয়ে তাদের নি:শর্ত মুক্তি দাবি করা হয়। কিন্তু মাওলানা মামুনুল হককে গ্রেফতারের পর বেশ কিছু কেন্দ্রীয় নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রেফতারের বিষয়টি তাদের টাইমলাইনে শেয়ার করতে দেখা গেছে। তবে তাকে (মামুনুল হক) নিয়ে কোনো বিবৃতি গণমাধ্যমে দেয়নি হেফাজতের শীর্ষ নেতারা।
প্রসঙ্গত, রোববার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে পুলিশ গ্রেফতার করে।
অন্যদিকে আলেমে দ্বীনদের আটক করে রিমান্ডে নিয়ে সরকার জুলুম করছে, এই জুলুমের বিচার হবেই, এর শেষ হবে, সেদিন এর কঠোর বিচার হবে- বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি রোববার হাটহাজারী মাদ্রাসা মসজিদে ইতেকাফকারী মুসল্লি, মাদ্রাসার ছাত্র ও সাধারণ মুসল্লিদের উদ্দেশে বয়ানকালে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, আজিজুল হক ইসলামাবাদী, মঞ্জরুল হক আফেন্দি, মাওলানা শাখাওয়াত হোসেন রাজিসহ বড় বড় আলেমদের আটক করে নির্যাতন করা হচ্ছে, সর্বশেষ আজ মাওলানা মামুনুল হককে আটক করেছে পুলিশ।
পবিত্র রমজান মাসে তাদের কাউকে ইফতার কাউকে সেহেরি করতেও দেয়া হচ্ছে না। এসব জুলুম থেকে প্রতিকারেই অত্র দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
সূত্র-যুগান্তর
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯এপ্রিল/জই