শ্রমিক হত্যার ঘটনা সরেজমিনে পরিদর্শন করতে বাঁশখালীতে রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ

ডা: জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপ ও চীনা সেফকো কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে সংঘঠিত শ্রমিক হত্যা ঘটনা সরেজমিনে পরিদর্শন করতে যান। আজ ২৫ এপ্রিল দুপুরে বাঁশখালীর গন্ডামারায় পৌঁছানোর পর নেতৃবৃন্দ পুলিশের গুলিতে নিহত ও আহত শ্রমিক পরিবারের সদস্যদের সাথে দেখা করে কুশল বিনিময় করেন এবং সান্ত্বনা দেন।

এই সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরো জানান, বাঁশখালীতে নিহতদের ও আহতদের পরিবারের সদস্যদের কাছে থেকে এবং এলাকাবাসীর কাছে থেকে আমরা যা যা শুনলাম ও অভিজ্ঞতা অর্জন করলাম তা রাজধানীতে ফিরে সাংবাদিক সম্মেলনে দেশবাসীর কাছে উপস্থাপন করবো।

পরিদর্শন টিমে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্রচিন্তার সদস্য অ্যাড. হাসনাত কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ জামান জনি প্রমুখ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই