পুলিশ ও গুন্ডাবাহিনী দিয়ে গুলি করে শ্রমিকদের হত্যা করা হয়েছে। – জোনায়েদ সাকি
“বাঁশখালীতে শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে নাগরিক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ২৭ এপ্রিল (মঙ্গলবার) গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনপূর্বক ৭ দফা দাবি সম্বলিত অভিজ্ঞতা পত্র উত্থাপন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার সংগঠক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, আলোকচিত্রী শহিদুল আলম, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুল আমিন বাপারী, ব্যারিস্টার সাদিয়া আরমান, ছাত্র-যুব-শ্রমিক আধিকার পরিষদের সমন্বয়ক নূরুল হক নূর, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণ দলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, গণ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি হাসান ফকরী, ভাসানী অনুসারী পরিষদ প্রেসিডিয়াম সদস্য আকতার হোসেন, ফরিদ উদ্দিন।

জুমে বক্ত্য রাখেন, ড. রেজা কিবরিয়া, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান।
ডা. জাফরুল্লাহ চৌধুরীবলেন, বাশঁখালীর ঘটনায় একজন সাহসী বিচারপতির নেতৃত্বে একটি সাহসী বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তিনি আরো বলেন, যারা এই দেশ গড়েছেন, যে কৃষক খাবার যোগান দিয়েছেন, যে শ্রমিক উন্নয়ন দিয়েছে তারা আজ নির্যাতিত। জনগণ যখন কথা বলতে পারে না তখন বোঝা যায় কেমন স্বাধীনতা আছে? তিনি বলেন, বাঁশখালীতে ১৮ বছরের একটি ছেলেকে গুলি করে মেরে ফেলেছে। বিধবা মা তাকে কষ্ট করে মানুষ করেছিল। পুলিশ মেরেছে নাকি গুন্ডাবাহিনী গুলি করে মেরেছে কেউ বলেনি। এমন কি পুলিশও কথা বলতে ভয় পায়। আন্দোলন করা দরকার একটা সুষ্ঠু জীবন
জীবিকার জন্য।
সরকারের উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বন্দুকের গুলি দিয়ে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। আপনিও পারবেন না। ভালো হয়ে যান। সারা পৃথিবীকে জানানো দরকার আমরা মাফিয়া রাষ্ট্রে আছি।
সংবাদ সম্মেলনে বাঁশখালীর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, স্থানীয়ভাবে সেখানে আগে থেকেই নানান জটিলতা ছিল৷ পুলিশ নিজেই নিজেদের গাড়িতে আগুন দিয়েছে। বাঁশখালীতে শ্রমিক নিয়োগের সিন্ডিকেট আছে৷ স্থানীয় প্রভাবশালীদের টাকা দিয়ে কাজ পেতে হয়। সরাসরি কোম্পানি শ্রমিক নিয়োগ না দিয়ে সাব-কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। ফলে শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়। সাধারণ শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেওয়া উচিৎ ছিল। কিন্তু পুলিশ ও গুন্ডাবাহিনী দিয়ে গুলি করে শ্রমিকদের হত্যা করা হয়েছে।

৭ দফা দাবিনামা:
১) বাঁশখালীর গন্ডামারায় সংঘটিত পুলিশী হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য বিচার বিভাগীয় তদন্ত করতে হবে । দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
২) নিহত এবং আহত শ্রমিকদের প্রকৃত তালিকা তৈরি করতে হবে। সংবাদ মাধ্যমে ৭ জন শ্রমিক নিহত হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু অভিযোগ আছে নিহতের সংখ্যা এর চেয়ে বেশি হবে।
৩) প্রত্যেক নিহত শ্রমিক পরিবারকে এক জীবনের আয়ের সমান / নূন্যতম ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণ দিতে হবে।
৪) হত্যা করলো পুলিশ এবং পুলিশের সাথে থাকা হেলমেট বাহিনী। অথচ ক্ষতিগ্রস্ত শ্রমিদের নামেই মামলা দিয়ে হাজার হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে । মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৫) শ্রমিক নিয়োগে কায়েমী স্বার্থের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। শ্রমিকদের সরাসরি নিয়োগপত্র, ট্রেড ইউনিয়ন অধিকার সহ অন্যান্য আইনী অধিকার দিতে হবে। নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করে শ্রমিকদের দাবি-দাওয়া মানতে হবে। শ্রমিদের ছাঁটাই করা চলবে না ।
৬) শিল্প- কারখানায় শ্রমিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হত্যা-খুন-পুলিশী হয়রানি বন্ধ করতে হবে।
৭) বিদ্যুৎ কেন্দ্র কিংবা শিল্প কারখানা স্থাপনে প্রাণ-প্রকৃতি এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর । এই সব বিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসতে হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৮এপ্রিল/জই