রাবিতে শিক্ষককে গুলি করার হুমকি চাকরিপ্রত্যাশীদের- প্রতিবাদ ছাত্র ফেডারেশনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষকদের ছাত্রলীগ কর্তৃক লাঞ্ছনা ও তাদের গুলি করার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
গতকাল ৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে উপাচার্য ড. আব্দুস সোবহান এ্যাডহক নিয়োগ দিতে চাইলে দুর্নীতিবিরোধী শিক্ষকদের একটি প্রতিনিধি দল ভিসির সাথে দেখা করার জন্য তার বাড়িতে যান। কিন্তু ছাত্রলীগ ভিসির বাড়ির সামনে শিক্ষকদের বাধা দিলে এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় ছাত্রলীগের স্থানীয় একজন নেতা শিক্ষকদের গুলি করার হুমকি দেয়।
এবিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন
শিক্ষকদের লাঞ্ছনা এবং তাদের গুলি করার হুমকি দিয়ে ছাত্রলীগ তাদের সন্ত্রাসী মনোভাবকেই প্রকাশ করেছে। আমরা মনে করি এটা গুরুতর অপরাধ। এই অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একইসাথে এই সন্ত্রাসীদের মদদদাতাদের খুজে বের করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা দেখেছি প্রক্টরের সামনেই এ ঘটনা ঘটলেও প্রক্টর দর্শকের ভূমিকা পালন করেন। এ ঘটনায় প্রক্টরের চরম দায়িত্বহীনতার পরিচয় পাওয়া যায়। এই দায়িত্বহীন প্রক্টর বিগত সময়েও ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে দ্রুত এই মেরুদন্ডহীন প্রক্টরের অপসারণও চায় ছাত্র ফেডারেশন।
আজ ৫ মে (বুধবার) দুপুরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক অন্তু বিশ্বাস কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মন্তব্য জানানো হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫মে/জই