“আমার পোলাডারে তুই দেখিস…”! গুলিবিদ্ধ গার্মেন্ট শ্রমিক কাঞ্চন মিয়ার আর্তনাদ
আমি মইরা গেলে আমার পোলাডারে তুই দেখিস…”! ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে স্ট্রেচারে শুয়ে স্ত্রী ফাতেমা বেগমের উদ্দেশ্যে কাঞ্চন মিয়ার আর্তনাদ!
টঙ্গির হামিম গ্রুপের সিএল কারখানার শ্রমিক কাঞ্চন মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার গুলিবিদ্ধ হবার খবর পেয়ে সুদূর কিশোরগঞ্জ থেকে তার স্ত্রী ফাতেমা বেগম ও দশম শ্রেণীপড়ুয়া ছেলে মুস্তাকিম এসে হাজির হয় হাসপাতালে। কাঞ্চন মিয়া রোজা রেখেই গুলি খেয়েছেন। গুলি খাওয়ার পরও রোজা ভাঙেন নি।
তার স্ত্রী ফাতেমা বেগম যখন সন্তানসহ রক্তাক্ত কাঞ্চন মিয়ার পাশে দাঁড়ালো, তখন কাঞ্চন মিয়া কষ্ট করে একটা কথাই বললেন, “আমি মইরা গেলে আমার পোলাডারে তুই দেখিস…!”

টঙ্গীতে ঈদের ছুটি চাওয়ার অপরাধে শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ। হামিম গ্রুপের সিএল কোম্পানির ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কাঞ্চন মিয়া (৫০), মিজানুর রহমান (২৪), হাসান (২৬), রুবেল (২২), জাহিদ হোসেন (২৫), রনি (২৪), মামুন (২৬), সোহেল (২২), রুবেল হোসেন (২৪), ইমরান হোসেন (২৪)। আহতদের মধ্যে কাঞ্চন মিয়ার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত অনেকের নাম-পরিচয় জানা যায় নি।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার ঈদের ছুটি চাওয়ার অপরাধে শ্রমিকদের আন্দোলনে গুলি চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলো (শুক্রবার) জেনারেল খাটিয়ে আর রাত অব্দি ওভারটাইম করিয়ে ছুটির বেলায় কার্পণ্য মেনে নেয়া যায় না। আহতদের দেখতে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে যান।
শ্রমিক অধিকার কর্মী সৈকত মল্লিক এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ঈদের ছুটি চাইলো শ্রমিকরা আর পুলিশ করলো গুলি! গুলি করা যেন একটা অতি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে! এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাই! শাস্তি দাবি করি দোষীদের! আবেগঘন কণ্ঠে তিনি আরো বলেন, একবারও কি ভেবে দেখেছেন শ্রমিকরা ঈদে বাড়ি যাওয়ার জন্য কেন এত মরিয়া, কী আবেগ তাদের কাজ করে? ঈদের কয়েকটা দিন ছুটি কাটানোর জন্য কী অমানবিক অতিরিক্ত ডিউটি করেন?
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আহ্বায়ক শহিদুল ইসলাম সবুজ বলেন, ছুটি বাড়ানোর দাবি করলে শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করলেন! শ্রমিকের বুক-পিঠ ঝাঁঝরা করলেন। এই দুঃসাহস আপনারা পান কোথায়?
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন হাসপাতালে আহত শ্রমিকদের দেখতে যান। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য ছুঁটির দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলি খেতে হলো শ্রমিকদের। এই সরকারের ভয় ধরেছে, সিংহাসন হারানোর ভয়। শ্রমিকদের এই হাহাকারটা যে কোনো সময় ভয়ংকর কিছু আনবে সরকারের জন্য। এই ছাত্রনেতা বলেন, স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে, এই সরকারের পতন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের দাবিতে রাজনৈতিকভাবে সংগঠিত হোন।
কারখানা মালিকদের পক্ষ থেকে ঈদের জন্য তিন দিনের ছুটি ঘোষণার প্রতিবাদে কারখানার বাইরে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন এবং ১০ দিনের ছুটি দাবি করেন। দুপুরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড ছররা গুলি ছোড়েন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই