ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন
আজ ১৬ জুলাই, শুক্রবার, বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার ঘটনায় আস্থাযোগ্য তদন্ত করে সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনা এবং আসন্ন ঈদের আগে সকল শ্রমিকদের বেতন এবং পূর্ণ ঈদ বোনাস পরিশোধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অঞ্জন দাসের সভাপতিত্বে এবং সম্পাদক কাউসার হামিদের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক মোঃ সজল, সদস্য সচিব অপূর্ব রহমান সোহাগ, জেলা কমিটির কার্যকরী সদস্য আব্দুল আল মামুন সহ নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সভাপতি এম এ শাহীন, গণসংহতি আন্দোলন জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পি এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ইলিয়াস জামান উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
অঞ্জন দাস তার বক্তব্যে বলেন, এই চলমান করোনা মহামারীতে একটি ভয়াবহ সময় পার করছি আমরা। সরকার একদিকে গরীব মানুষের খাদ্যের ব্যবস্থা না করেই তামাশার লকডাউন চালাচ্ছে। অন্যদিকে প্রবল স্বাস্থ্যঝুঁকির মধ্যেও শ্রমজীবী মানুষকে কর্মস্থলে যেতে বাধ্য করছে। পেটের দায়ে মানুষ যখন করোনা ভীতিকে উপেক্ষা করে কর্মস্থলে যায়, তখন তাদেরকে পুড়িয়ে মারা হয়। বিগত ৯ জুলাই রূপগঞ্জের জুস তৈরি কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে ৫২ জনের অধিক শ্রমিক নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। অনেক শ্রমিকদের সন্ধান এখনো পাওয়া যাচ্ছেনা। যেহেতু তাদের সন্ধান মিলছেনা, তাই তাদেরকে মৃত বলেই ভেবে নিতে হবে। আমরা এই ঘটনাকে একটি হত্যাকাণ্ড হিসেবেই উল্লেখ করতে চাই। মালিকদের অতি মুনাফার লোভ, অব্যবস্থাপনা এবং সরকারের অনীহার কারণে একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। আর বারবার যেটি ঘটে সেটিকে কোনভাবেই দুর্ঘটনা বলা চলে না। এই অবকাঠামোগত হত্যাকাণ্ডের জন্য দায়ী কারখানা মালিক, শ্রম পরিদর্শক সহ এর সাথে যুক্ত সকলকে বিচারের আওতায় আনার দাবি আমরা জানাচ্ছি। একই সাথে নিহত প্রত্যেক পরিবারকে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহতদের যাবতীয় চিকিৎসার সকল ব্যয়ভার বহন ও তাদের পরিবারের দায়-দায়িত্ব নেবার দাবি জানাচ্ছি।
করোনা মহামারীর প্রকোপ দিন দিন ভয়াবহ হচ্ছে বলে অবহিত করে তিনি আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে অবিলম্বে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাক্সিন প্রদান করতে হবে। লকডাউন চলাকালে দেশের সকল শ্রমজীবী মানুষের খাদ্যের ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। কোনভাবেই লকডাউনের মধ্যে কারখানা খোলা রাখা যাবেনা। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আযহা। প্রতি বছর ঈদের আগে কারখানার মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে গড়িমসি করা শুরু করে। এই মহামারিকালে শ্রমিকদের প্রাপ্য বেতন-বোনাস নিয়ে মালিকদের কোনপ্রকার তালবাহানা সহ্য করা হবে না। ঈদের আগেই সকল কারখানার শ্রমিকদেরকে জুন মাসের পূর্ণাঙ্গ এবং জুলাই মাসের অর্ধেক বেতন ও পূর্ণ ঈদ বোনাস পরিশোধ করতে হবে। এর অন্যথায় কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে এর দায় রাষ্ট্র এবং কারখানা মালিকদেরকেই বহন করতে হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮জুলাই/জই