খুলনায় ব্যাটারীচালিত রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে মানববন্ধন
ব্যাটারীচালিত রিকশা এবং ইজিবাইক আটক বন্ধ, গরীব মানুষের ঘাম ঝরানো টাকায় কেনা ব্যাটারী ও মোটর ফেরত এবং প্রয়োজনীয় নীতিমালা ও উপযুক্ত ডিজাইন প্রণয়ন করে সকল পরিবহনের লাইসেন্স প্রদানের দাবিতে রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, খুলনা মহানগর কমিটির উদ্যোগে ২২ আগস্ট সকাল ১০টায় খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল বলেন, জীবন-জীবিকার অনিশ্চয়তা টিকিয়ে রেখে ব্যাটারীচালিত রিকশার যন্ত্রপাতি ও অসংখ্য ইজিবাইক আটক করে নিম্ন আয়ের মানুষের পেটে লাথি মারা হচ্ছে। একটা সরকার কতটা জনবান্ধব তার প্রমাণ পাওয়া যায় উন্নয়ন প্রকল্পে জনগণকে কতটা সম্পৃক্ত করতে পারছেন। সরকার জনবান্ধব না হয়ে গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ। বিগত ২ মাস আগে ব্যাটারীচালিত রিকশা ও ভ্যান উচ্ছেদের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যুক্তি দেখিয়েছেন এ ধরণের রিকশায় অতিরিক্ত বিদ্যুৎ অপচয় ও বেশি দুর্ঘটনা ঘটে। অথচ বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি নাম দিয়ে বুয়েট রয়েছে। তাদের দ্বারাই তো উপযুক্ত মডেলের রিকশা নিতে পারেন যেটাতে দুর্ঘটনা কম হবে।
তিনি আরো বলেন, অবিলম্বে পরিবেশবান্ধব ও সঠিক নীতিমালা প্রণয়ন করে সব বাহনের লাইসেন্স প্রদান করতে হবে। শ্রমজীবীদের বিকল্প ব্যবস্থা না করে তড়িৎগতিতে ফরমান জারি করলে জনগণ তা মেনে নেবে না।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন (টিইউসি) খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/২২আগস্ট/জই