ফুলবাড়ী দিবস আজ
আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী দিবস। ২০০৬ সালের এই দিনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবিতে এবং উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে গড়ে উঠেছিল আন্দোলন। এই আন্দোলনটি ঐ সময় গণবিস্ফোরণে রূপ নেয়।এশিয়া এনার্জি কোম্পানীর কয়লা প্রকল্পের বিরুদ্ধে দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর-পার্বতীপুর-নবাবগঞ্জসহ উত্তরবঙ্গের স্থানীয় মানুষ ইতিহাস তৈরি করেছিলেন।জীবন দিয়েছিলেন দেশের নিশানা বদলে দেবার জন্য।স্থানীয় বিক্ষুব্ধ মানুষের তাক লাগানো ঢলে ভীত হয়ে তৎকালীন বিডিআরের (বর্তমান বিজিবি) প্রাণ কেড়ে নেয় আল আমিন, সালেকিন ও তরিকুলের। তখন আহত হয়েছিলেন ২ শতাধিক মানুষ।
২০০৬ সালে ২৬ আগস্ট উক্ত দাবিতে আন্দোলন গড়ে ওঠে। স্থানীয় জনগণের পক্ষে এই আন্দোলনের নেতৃত্ব দেন তেল-গ্যাস-খনিজসম্পদ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।৪ দিনের মাথায় আন্দোলনটি গণবিস্ফোরণে রূপ নেয়।তখন সরকার বাধ্য হয় ফুলবাড়ীবাসীর সঙ্গে ৬ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে। এই চুক্তিতে তৎকালীন সরকারের পক্ষে স্বাক্ষর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং ফুলবাড়ী আন্দোলনকারীদের পক্ষে স্বাক্ষর করেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।অথচ চুক্তির ১৫ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পূরণ হয়নি ফুলবাড়ী আন্দোলনের দাবিগুলো।
প্রতি বছর ২৬ আগস্টকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে আসছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।এ দিবস উপলক্ষে জাতীয় কমিটি খুলনা শাখার উদ্যোগে ২৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পরবর্তী সিপিবি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫আগস্ট/জই