চিলড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশ ভোলায় ছড়াচ্ছে আলো
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশ। শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি আঁকা, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ভোলা শহরের চরনোয়াবাদে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু ২০০৫ সালে। লন্ডনের নাগরিক ‘দিনা উইনার’ ও ‘ব্রুনা কলম্বো’র অর্থায়নে শুরু হয় এ প্রতিষ্ঠান। এর পর ২০০৬ সালে ‘ভোলাস চিলড্রেন ইউকে’-এর অর্থায়নে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এটি পরিচালনায় সহযোগিতা করছে ‘ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশ’ পরিচালনা কমিটি। ২০১৪ সালে এটি ট্রাস্ট হিসেবে এবং ২০১৮ সালে এটি সমাজসেবা থেকে নিবন্ধন ভুক্ত হয়। প্রতিষ্ঠাকালে এমএ আলী এ প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।
ভোলার চিলড্রেন প্রতিবন্ধী স্কুলটি বর্তমানে পরিচালনা কমিটি, শিক্ষক ও প্রশিক্ষক নিরলস ভাবে সুশৃঙ্খল পরিবেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে বর্তমানে ৮৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। যারা সবাই বাক, শ্রবণ, বুদ্ধি, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী। এখানকার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অর্জন করেছে খেলাধুলা ও ছবি আঁকায় একাধিক পুরস্কার। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ছবি এঁকে ৪ বার পুরস্কার পেয়েছেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বাংলাদেশ শিশু একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে এখানকার শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্পেশাল অলিম্পিক প্রতিযোগিতায়ও পুরস্কার পেয়েছে। এ ছাড়াও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার অর্জন করেছে তারা। প্রতিষ্ঠানের পরিচালক জানিয়েছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, যাদের বয়স ৫ বছর তাদের এখানে ভর্তির সুযোগ রয়েছে। এসব শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত লালনপালন করা হয়। এখানে থাকা-খাওয়া, পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য কোনো অর্থ দিতে হয় না। দেশের বিভিন্ন এলাকার শিশুরা এখানে ভর্তির সুযোগ পাচ্ছে। এতে একদিকে যেমন প্রতিবন্ধী শিশুরা শিক্ষা গ্রহণ করছে অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। স্কুলটির প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। এখানকার শিশুদের অত্যন্ত যত্নের সঙ্গে পাঠদান করানো হয়। ইশারা ভাষায় বিশেষ কৌশলে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পাঠদান করান শিক্ষিকাগণ। প্রতিষ্ঠানের শিক্ষক মাসুমা বেগম ও লিমা আক্তার বলেন, শিশুরা ইশারা ভাষা বুঝতে পারে, তাদের সেভাবেই শিক্ষাদান করানো হয়। যে যতটুকু নিতে পারবে তাকে সেভাবেই পড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের নৃত্য ও গানের জন্য রয়েছে দক্ষ প্রশিক্ষক। নৃত্য প্রশিক্ষক শিক্ষক আসমা আক্তার বলেন, সপ্তাহে দুদিন শিশুদের ড্যান্স ক্লাস করানো হয় ইশারা ভাষায়। ওরা যতটুকু শিখছে তারা এখন নিজেরাও করতে পারছে। ভোলার চিলড্রেন প্রতিবন্ধী স্কুলে চারটি পাকা ভবন রয়েছে। এগুলোর মধ্যে একটি একাডেমিক ভবন, ২টি আবাসিক ও একটি অফিস কক্ষ। ২০ জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করছেন এ প্রতিষ্ঠানে। শুধু দ্বীপজেলা ভোলা নয়, সারাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এখানে পড়াশোনা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠানের পরিচালক মো. জাকিরুল হক বলেন, প্রতিবন্ধীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি আনন্দদায়ক পরিবেশ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। আমাদের এখানে প্রতিবন্ধীদের শিক্ষার জন্য সকল ব্যবস্থা রয়েছে তাদের বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রেখে। এ ছাড়াও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, রয়েছে ফিজিওথেরাপির ব্যবস্থা। প্রতিবছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মসংস্থান হচ্ছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২সেপ্টেম্বর/জই