পুরোনো দুর্ভোগ নিয়ে স্কুলে ফিরবে লালমোহনের শিক্ষার্থীরা।
ভোলার লালমোহনে স্কুলের পাকা ভবন ভেঙ্গে নেওয়ার ৬ বছরেও হয়নি নতুন ভবন। তার পরিবর্তে ছোট্ট একটি টিন শেড ঘরে এই ৬ বছর কার্যক্রম চলছে উপজেলার দক্ষিণ বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। করোনা ভাইরাসের বন্ধের দীর্ঘ সময় পার করে ১২ সেপ্টেম্বর স্কুল খুলে ওই বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী ক্লাসে ফিরবে পুরোনো দুর্ভোগ নিয়ে। স্কুলে নেই পাঠদানের সুষ্ঠু পরিবেশ। মাথার উপর উত্তপ্ত টিনের তাপ শিশু শিক্ষার্থীদের সীমাহীন কষ্ট সহ্য করতে হয়। বৃস্টির দিনে থৈ থৈ পানিতে চলে ক্লাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর জানান, ২০১৫ সালে স্কুলের পুরোনো ভবনটি ভেঙ্গে নেওয়া হয়। এরপর নতুন করে আর ভবন নির্মাণ করা হয়নি। বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের জন্য ছোট্ট একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। যাতে ক্লাস করতে দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকতারুজ্জামান মিলন জানান, লালমোহনে ২০৮ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একতলা ভবন আছে ১৫টি এবং টিন শেডের স্কুল আছে ৭টির মতো। এসবে এখন ক্লাস করা যায় না। এখানে নতুন ভবন দরকার।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০সেপ্টেম্বর/জই