আজ ১২ জানুয়ারি ২০২২, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কাওয়ালী গানের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলায় মঞ্চ ভাংচুর, নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হবার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজন এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসীগিরি করাই ছাত্রলীগের প্রধান কাজ! সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এতো দিন গানের আসরে জামায়াত-শিবির হামলা করতো এখন ছাত্রলীগ সেই সংস্কৃতি বিদ্বেষী আক্রমণ পরিচালনা করছে! শিল্প-সংস্কৃতির চর্চা, মতপ্রকাশের স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করে তারা উগ্রবাদী ও সন্ত্রাসী।

নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামীলীগ দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে গিয়ে উগ্রবাদের জমিন তৈরি করে চলেছে। আর আওয়ামীলীগের লেজুড়বৃত্তিকারী ছাত্রলীগের সন্ত্রাসীরা টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে উগ্রবাদী হামলা চালাচ্ছে। কাওয়ালী গানের মঞ্চে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলায় জড়িতদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন।
বার্তা প্রেরক-
এম এইচ রিয়াদ
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২ জানুয়ারি/জই