চবিতে বর্ধিত আবেদন ফি ও প্রসেসিং ফি বাতিল চায় ছাত্র ফেডারেশন।অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায্য বর্ধিত আবেদন ফি ও প্রসেসিং ফি বাতিল করতে হবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক ইমন সৈয়দ এবং যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আরিফ উদ্দিন আজ এক যৌথ বিবৃতিতে এই দাবি তোলেন। তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন ফি ৫৫০ থেকে বর্ধিত করে ৮৫০ টাকা করা হয়েছে।এমনিতেই দ্রব্য ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার অসহনীয় ব্যয়ের কারণে সাধারণ মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠছে। এর মধ্যে উচ্চশিক্ষায় অংশগ্রহণের মূল্যায়ন পরীক্ষা তথা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই গলাকাটা আবেদন ফি বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কয়েকদিন আগে কিছু শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করে। এর পরেরদিন শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলে।গত ২১ এপ্রিল সকালে মাননীয় উপাচার্য ড. শিরীন আক্তারের নেতৃত্বে সিন্ডিকেট সভার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং একইসাথে আবেদন ফি ৫৫০ থেকে বাড়িয়ে ৭৫০ এবং ১০০ টাকা প্রসেসিং ফি-সহ মোট ৮৫০ টাকা করা হয়। যা সম্পূর্ণ অন্যায্য এবং সাধারণ মধ্যবিত্ত ও দরিদ্রের শিক্ষার্থী সন্তানদের জন্য কষ্টকর হবে।
অবিলম্বে বর্ধিত আবেদন ফি এবং অযৌক্তিক প্রসেসিং ফি বাতিল করে ভর্তি পরীক্ষার আবেদন ফি সহনীয় পর্যায়ে রাখতে হবে যাতে সকল শ্রেণির মানুষের সন্তানের আবেদন করা সহজ ও নিশ্চিত হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯এপ্রিল/জই