বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণসংহতি আন্দোলনের ৭ দফা নিয়ে বরিশালে গণসংলাপ অনুষ্ঠিত।ভোটাধিকার ও বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লড়াই বেগবান করতে গণসংহতি আন্দোলন বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ৭ দফার একটি রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেন। গত বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৪:৩০ মিনিটে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় আলোচনা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের সদস্য জননেতা মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মাণীষা চক্রবর্তী, গণ অধিকার পরিষদ বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি জাবের মোহাম্মদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য মিরাজ মিঠু, বরিশাল এ.কে স্কুলের প্রধান শিক্ষক জনাব এইচ এম জসীম উদ্দীন, বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকতার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, দেশ আজ ক্রান্তিলগ্নে। চারদিকে নানান সংকট পুঞ্জিভূত হয়ে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে। এই সংকট মোকাবেলার জন্য একটি শাসনতান্ত্রিক সংস্কার দরকার। একমাত্র গণতন্ত্রের গতিমুখে অর্থাৎ একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাই বাংলাদেশকে একটি সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে পারে৷ আর সেই লক্ষ্যে বর্তমান সরকারের পদত্যাগ এখন এক আবশ্যকীয় পূর্বশর্ত। কেননা এদের অধীনে জান ও জবানের কোন নিশ্চয়তা নেই। বর্তমান সরকার যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার ভিত্তি বাংলাদেশের সাংবিধানিক ও আইনি ক্ষমতা কাঠামো।ফলে বাস্তবতা হলো ভোটাধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠা হলেও রাষ্ট্রকে আর আগের মত রেখে তা অর্জন করা যাবে না। তাই সংবিধানের ক্ষমতা কাঠামোর গণতান্ত্রিকীকরণ করতে হবে৷ একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কিংবা চুক্তিতে না পৌঁছালে এই সংকটের কোনো সমাধান নেই। ফলে সামষ্টিক বিপদ থেকে দেশ ও জনগণের নিস্তার পাওয়ার কোনো পথ নেই।
দেওয়ান নীলু আরো বলেন, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা এ লড়াই করে চলেছি। সাম্প্রতিক ১৮ সালের নির্বাচনের পর আমরা জোরের সাথে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জাতীয় সনদ তুলে ধরেছি। বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সংকটের গভীরতা এই কর্মসূচিকেই এখন প্রধান কর্মসূচিতে পরিণত করেছে। তাই এই রূপরেখার ভিত্তিতে আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে।
রাজনৈতিক পরিষদের সদস্য জননেতা মনির উদ্দীন পাপ্পু বলেন, আমাদের এখন শাসন ব্যবস্থায় মনোযোগ দেয়া দরকার। বর্তমান ফ্যাসিবাদের সাথে মধ্যযুগের বর্বরতার কোনো পার্থক্য নেই। তারা দেশের সর্বস্তরে জুলুমের জাল বিস্তার করে রেখেছে৷ এ থেকে নিস্তারের জন্য আমাদের রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে৷
জননেতা জোনায়েদ সাকি বলেন, শুধু ভোটের অধিকারের ভিত্তিতে ঐক্যবদ্ধ হলেই সংকটের সমাধান হবে না। কারণ আমরা পূর্বে দেখেছি একটি স্বৈরতান্ত্রিক সরকার পতনের পর আবার আমাদের ওপর আর একটি স্বৈরাচার চেপে বসেছে। তাই আমাদের শাসনতন্ত্র সংস্কারের পথে হাঁটতে হবে৷ বিচার বিভাগকে নির্বাহী বিভাগের কর্তৃত্ব থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। উচ্চ আদলতে বিচারক নিয়োগের জন্য স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি এবং জ্যেষ্ঠতা লংঘন না করার কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে। সকল গণবিরোধী নাগরিক অধিকার খর্বকারী উপনিবেশিক নিয়ন্ত্রণের লক্ষ্য সৃষ্ট আইন যা এখনও বলবৎ আছে তা বাতিল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ও স্বাধীন দেশের উপযেগী আইনি কাঠামো তৈরি করতে হবে। পাশাপাশি সকল সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ইত্যাদিতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ পদ্ধতি প্রণয়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করতে হবে।
জোনায়েদ সাকি আরো বলেন, রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য প্রতিষ্ঠার সুনির্দিষ্ট বিধান প্রণয়ন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। বলাই বাহুল্য বর্তমান সরকার এসব করতে ন্যূনতম আগ্রহী নয়। ফলে স্পষ্টতই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার ঐতিহাসিক পথেই জনগণকে হাঁটতে হবে। আমরা মনে করি ভোটাধিকার কেড়ে নিয়ে এই সরকার দেশের সকল নাগরিককেই এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। দ্রুতই বর্তমান ফ্যাসিবাদের পতনের ঘণ্টাধ্বনি বেজে উঠেবে৷ জোনায়েদ সাকি আহ্বান জানান, সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক অঙ্গিকার নিয়ে এই পতনকে জনগণের বিজয়ে পরিণত করতে আসুন ঐক্যবদ্ধ হই।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬জুলাই/জই