ভোলায় নারীদের সচেতনতামূলক সমাবেশ- গুজব, সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য অফিসের উদ্যোগ।নারী-শিশু উন্নয়ন এবং সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হলো একটি বিশাল নারী সমাবেশ ও মতবিনিময় সভা। ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আবদুল জলিল। সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃ আবদুর রহিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন এবং উপাধ্যক্ষ মোঃ মোবাশ্বিরুল হক নাঈম। সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের প্রতিনিধি মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী।
বক্তারা তাদের আলোচনায় তুলে ধরেন—নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, গুজব ও অপপ্রচার রোধ, নারীর অধিকার ও শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ এবং যৌতুক প্রতিরোধ, পরিবেশ সচেতনতা, দুর্যোগ মোকাবেলায় নারীর ভূমিকা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, ইভটিজিং প্রতিরোধ এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু।
সমাবেশে অংশগ্রহণ করেন প্রায় দুই শতাধিক নারী। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ এর নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রদর্শিত হয় নারী-শিশু সহিংসতা ও টাইফয়েড সচেতনতামূলক দুটি তথ্যচিত্র।
এই আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলা তথ্য অফিস নারী ক্ষমতায়ন, গুজব ও সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন শুধু জ্ঞানের পরিধি বাড়ায় না, বরং সমাজে একটি নিরাপদ ও সমতা ভিত্তিক পরিবেশ গঠনে উৎসাহ জোগায়।
Economist/22 October/ZI/bhola