প্রসূতির মৃত্যু: স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ন্যূনতম সতর্কতার অভাব প্রকাশ্যে।ভোলা শহরের সদর রোডে অবস্থিত হাবিব মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসার ফলে গর্ভে থাকা সন্তানসহ ১৮ বছর বয়সী সাবিহা আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সাবিহা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি গ্রামের আবু কালামের মেয়ে এবং বাপ্তা গ্রামের মো. নাহিদের স্ত্রী।তার স্বামী নাহিদ গণমাধ্যমকে জানান, অদ্য ২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২টার দিকে সাবিহাকে ডেলিভারির জন্য হাবিব মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। ক্লিনিকের কর্তব্যরত নার্স প্রাথমিক পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির পরামর্শ দেন। এরপর কি কারণে এবং কীভাবে মৃত্যু ঘটলো, তা নিয়ে স্থানীয় পরিবার ও জনসাধারণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
কিছুক্ষণ পর ওই নার্স সাবিহার শরীরে ইনজেকশন প্রয়োগ করেন। এর কয়েক মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে মারা যান তিনি। পৃথিবীর আলো দেখার আগেই মায়ের সঙ্গে মৃত্যু হয় গর্ভের সন্তানেরও। ভুল ইনজেকশন প্রয়োগ করার কারণে সাবিহার মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্বামী নাহিদ ও তার আত্মীয় স্বজন।
এদিকে, সাবিহার মুত্যুর খবরে স্বজনরা ছুটে এসে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হওয়ায় ক্লিনিকটিতে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় ক্লিনিক ছেড়ে আত্মগোপনে চলে যান ক্লিনিকে কর্তব্যরতরা। পরে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনী কোস্ট গার্ড সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত নার্স পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে হাসপাতাল থেকে মিজানুর রহমান নামের একজনকে নার্সের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Economist/2February/ZI/health