শিক্ষকসহ নাগরিকের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ সরকারের পদত্যাগ চায় ছাত্র ফেডারেশন। আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ ২৯ জুন, ২০২২ (বুধবার) বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, সাংগঠনিক সম্পাদক শুভ দেব ও আল-আমিন শেখ, ঢাকা মহানগর শাখার সভাপতি রূপক রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আরমানুল হকসহ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, “সাভারে পিটিয়ে হত্যা ও নড়াইলে প্রশাসনের উপস্থিতিতে শিক্ষক নির্যাতনের ঘটনা সামাজিক নিরাপত্তা ও নাগরিকের মর্যাদা প্রদানে সরকারের ব্যার্থতারই বহিঃপ্রকাশ।
বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে অমর্যাদার সূচনা করেছে তারই ধারাবাহিকতায় আজ দেশে একের পর এক শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে। আমরা পূর্বে দেখেছি নারায়ণগঞ্জে স্থানীয় এমপি একজন শিক্ষককে প্রকাশ্যে চড় মেরে তাকে কান ধরে উঠবস করাতে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সরকারের লোকজন শিক্ষকদের হেনস্তার সাথে জড়িত। ক্ষমতাবানরা যখন এভাবে নির্যাতন করেও বিচারের মুখোমুখি হয় না তখন ক্ষমতা থাকলে যেকোন অন্যায় করে পার পাওয়া যায় এই বার্তাই সমাজে ছড়ায়। সাভারে ১০ম শ্রেণির শিক্ষার্থী এই ক্ষমতার ছায়াতেই কিশোর গ্যাং এ পরিণত হয়েছে এবং অভিভাবকতূল্য শিক্ষককে পিটিয়ে মেরে ফেলতেও দ্বিধা বোধ করে নি।”
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “দেশে জবাবদিহীতাহীন শাসন ও বিচারহীনতা সমাজে নৈরাজ্য বাড়িয়ে তুলেছে। বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিয়ে সমাজকে অস্থিতিশীল করে তুলেছে। ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণই পারে এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে।”
এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাদিক রেজা, ঢাবি ছাত্র ফেডারেশনের সভাপতি আবু রায়হান খান, নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ফারহানা মুনা, ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক হাসান আল মেহেদীসহ নেতৃবৃন্দ।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭জুলাই/জই