আসন্ন নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রতিবেদন:
ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’ঝালকাঠির দুটি আসনেই বিএনপির ধানের শীষের ভোটই বেশি। জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকবার জনগণের ভোটেও তা প্রমাণিত হয়েছে। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিয়েছে ইসলামী জোটবদ্ধ দলগুলো। তাই বিএনপির ভোটব্যাংক খ্যাত এ জনপদে এই একক আধিপত্য থাকবে কিনা তা নিয়ে সন্দিহান জনসাধারণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা দলগুলো সমন্বয় করে প্রার্থী দেবে এমন গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে। ইসলামী দলগুলোর সমন্বয়ে প্রার্থী ঘোষণা করা হলে ভোটের মাঠে বিএনপি মনোনীত প্রার্থীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জেলার চারটি উপজেলা নিয়ে দুটি সংসদীয় আসন গঠিত হয়েছে। উভয় আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দেড় ডজনের বেশি। বিপরীতে জামায়াত দিয়েছে একক প্রার্থী। তবে সেটাও চুড়ান্ত নয় বলে দলীয় সূত্রে জানা গেছে। কেউ কেউ বলছেন এগুলো ‘ডামি’ প্রার্থী। ভোটের মাঠে লড়ার জন্য মনোনয়ন দেওয়া হবে অন্য দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা শেষ হওয়ার পর। এরপর তুলনা করা যাবেÑ কার চেয়ে কে বেশি জনপ্রিয়তায় শক্তিশালী ও ভোটের মাঠে প্রভাব কার বেশি থাকবে। ইতিমধ্যে প্রভাব বিস্তারের অংশ হিসেবে ২৮জুন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ঝালকাঠি থেকে লঞ্চ রিজার্ভ করে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংগ্রহণ করেছে জেলা শাখা। আগামী ১৯জুন ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে জামায়াতের মহাসমাবেশে ঝালকাঠি জেলা থেকে ১০হাজার নেতাকর্মী নিয়ে লঞ্চযোগে অংশগ্রহণের প্রস্তুতি চলছে।
ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) \ রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে তৎপর আছেন বিএনপির আট নেতা। তারা সবাই দলের মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে বেশি আলোচনায় আছেনÑ ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্ব›িদ্বতাকারী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত ও নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
এছাড়া জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ও রাজাপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ড. জাকারিয়া লিংকন এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান প্রচারের মাঠে সরব রয়েছেন। তারা সবাই নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্তি ও সক্ষমতার জানান দিচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন। এলাকায় ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে তারা দাবি করছেন। তাদের মধ্যে প্রচারে এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রী নেতা রফিকুল ইসলাম জামাল। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নির্বাচন করে তিনি পরাজিত হন। একই পরিণতি হয় ২০১৮সালে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে জেল জুলুম-হামলা-মামলার শিকার হয়েছি। বার বার কারাবরণও করেছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই আমি মনে করি দল এবার আমাকে মনোনয়ন দিয়ে এই ত্যাগের মূল্যায়ন করবে।’
বিএনপির মনোয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, ‘দেশের বাইরে অবস্থান করলেও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বদা জাগ্রত ও সক্রিয় ছিলাম। এ কারণে বিভিন্ন সময় রোষাণলেও পড়ি। দেশে পরিবারের লোকজনকেও হয়রানির শিকার হতে হয়। আশা করি, নিরাশ করবে না।’
ইঞ্জিনিয়ার রেজাউল বলেন, একযুগ ধরে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ জনসেবামূলক বিভিন্ন কাজ করে জনগণের মন জয় করেছি। এরপরও চারবার দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হই। এবার আশা করি দল আস্থা রাখবে।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত বলেন, কিশোর বয়স থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে অংশগ্রহণ করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। ফ্যাসিবাদী সরকারের মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। দলের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। দলীয় স্বার্থে মনোনয়ন পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অপরদিকে এ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের রাজাপুর উপজেলা শাখার সাবেক আমির ও বর্তমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেমায়েত উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। রাজাপুর-কাঠালিয়ার প্রত্যন্ত জনপদে জনসাধারণের সাথে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তার পক্ষে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন জনসেবামূলক কাজ, স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে রাস্তা ও সেতু সংস্কারসহ সামাজিক কাজ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে দলটি। মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, ‘জনগণ আমাকে ভোট দেবে না, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেবে।’
ইসলামীক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক ইসলামী দলগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখছেন। বিভিন্ন মিডিয়ায়, স্থানীয় এবং জাতীয় সম্মেলনে ইসলামের পক্ষে জোড়ালো বক্তব্য দিচ্ছেন। জামায়াত তৎপর থাকলেও এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি ইসলামী আন্দোলনসহ অন্য ইসলামী দল এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য দলগুলো। তবে জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে। সে ক্ষেত্রে মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হককে জামায়াতসহ অন্য দলগুলো যৌথ সমর্থন দিতে পারে। রাজাপুর-কাঠালিয়া আসনে ইসলামী দলগুলো সমন্বয় করে প্রার্থী দিলে ইসলামী রাষ্ট্র এবং কুরআনের রাজ কায়েমের দায়িত্ব পালনের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, কোন ব্যক্তির মতাদর্শ নয়, আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথ প্রতিষ্ঠায় কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) \ ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত আটজন। তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী জীবা আমিনা আল গাজী, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব ও জেরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক আহŸায়ক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম নূপুর এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা জিএম আব্দুস সবুর কামরুল জোর প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন সভা-সমাবেশে অগ্রভাবে অংশ নিচ্ছেন তারা।
জাতীয় পার্টির সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর মরণোত্তর উপনির্বাচনে স্ত্রী ইসরাত সুলতানা ইলেনভুট্টো ২০০০সালে ধানের শীষ প্রতিকে নির্বাচনে করলেও তৎকালীন আওয়ামীলীগ সরকারের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু নৌকা প্রতিক নিয়ে ভোট কারচুপিতে জয়ী হন। এরপর ২০০১সালের চারদলীয় ঐক্য জোটের নির্বাচনে বিজয়ী হন ইলেনভুট্টো। তারই ধারাবাহিকতা ২০০৮ সালে বিএনপির মনোনয়ন পান ইলেন ভুট্টো। তিনি সে যাত্রায় পার হতে না পারলেও এরই ধারাবাহিকতায় ২০১৮সালেও দলের টিকিট পান তিনি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিএনপির টিকিট দেওয়া হয় জীবা আমিনার হাতে।
আওয়ামীলীগ সরকারের শেষের দিকে রাজনীতিতে পুনরায় সক্রিয় হলেও সভা-সমাবেশে কোণঠাসা করে রাখা হয়েছিলো তাকে। যথাযথ মর্যাদায় তার আসনটিও দেয়া হয়নি। রাজনীতিতে সক্রিয় হওয়ায় তাকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, ইলেন ভুট্টো ২০১৮ সালের নির্বাচনের পরে নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এরপর তাকে কেউ খুঁজে পায়নি। আওয়ামী শাসনামলে তার নামে হয়নি কোনো মামলাও।
জীবা আমিনা বলেন, ‘২০১৮ সালে নির্বাচনী প্রচারে নামায় বাড়িতে হামলা, পথে পথে সন্ত্রাসী হামলায় গাড়ি ভাঙচুর করে। এরপর বিভিন্নভাবে হামলা-মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করে ফ্যাসিবাদী সরকার। এতকিছুর পর নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছি। এবার দল তার প্রতিদান দেবে বলে প্রত্যাশা রাখি।’
মাহবুবুল হক নান্নু ছাত্রদল মনোনীত বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, যুবদলের সাবেক সহসভাপতি, বিএনপির বর্তমান সহসাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পালন করছেন। বিগত দিনে রাজধানী ঢাকাসহ ঝালকাঠির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তিনি একাধিকবার কারাবরণও করেন। নির্বাচনের মাঠে লড়ার ইচ্ছা তার বহু আগের, বেশ কয়েকবার তিনি দলের মনোনয়নও চান। এবারও তিনি আশাবাদী বলে জানিয়েছেন।
২০২০ সালে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন মাঠের রাজনীতিতে সক্রিয় আছেন। দলের দুঃসময়ে তিনি জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। তার নামে একাধিক মামলাও হয়েছে। তার বাসায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে ভাংচুর চালায়।
দলের আরেক ত্যাগী নেতা মনিরুল ইসলাম নুপুরও মনোনয়ন পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের চাহিদার আলোকে রাজনীতি করছি। এবার দল আমাকে টিকিট দেবে বলে আশা রাখি।
জিএম আব্দুস সবুর কামরুল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং কেন্দ্রীয় কমিটিতে ছাত্রদলের গুরুত্বপুর্ণ পদে ছিলাম। জেলা যুবদল সভাপতি ছিলাম। কেন্দ্রীয় যুবদলের সম্পাদকীয় পদে এখনও দায়িত্বে আছি। ফ্যাসিবাদী সরকার পতনের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামে জেলায় ও কেন্দ্রে সবসময় অগ্রভাগে ছিলাম। এজন্য অনেক হামলা ও মামলা সহ্য করতে হয়েছে। একাধিকবার কারাবরণ করেছি। ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি শুরু করে এখন পর্যন্ত একইভাবে আছি। তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ সবসময়ই রেখেছি, যা এখনও বহাল আছে। দল আমাকে মনোনয়ন দিলে তার অবমূল্যায়ন হবে না, বরং বিজয় নিশ্চিত বলেও আশা করেন তিনি।
এদিকে বার বার কারা নির্যাতিত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার এম জি জাকারিয়াও এবার বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। গত ১৫ বছরে তার নামে আওয়ামী লীগ ৪৫টি মামলা দিয়েছিল বলে দাবি করেন তিনি।
এআসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দেয়া হয়েছে শেখ নেয়ামুল করীমকে। যিনি বরিশাল বিএম কলেজ ছাত্রসংসদের এজিএস এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ছিলেন। তিনি ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার প্রত্যন্ত এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। তার পক্ষ হয়ে জামায়াত শিবিরের লোকজনও প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন। বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে পোস্টারে শুভেচ্ছা বাণি ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন এখন প্রদান করা হয়নি। তবে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ধর্মী আলোচক নবমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেেছন এবং খোজখবর নিচ্ছেন।
ঝালকাঠির ইসলামী দলগুলোর সমন্বয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে বাছাই করে তাকে সমন্বিত মনোনয়ন দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
ঝালকাঠি শহরের সাধারণ ভোটাররা বলেন, ‘জুলাই বিপ্লবের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব অনেক। ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য। তবে এবারের নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে তরুণ ভোটাররা। দেশ যেন আবার নতুন ফ্যাসিবাদের কবলে না পড়ে সে বিষয়ে সবাই বেশ সচেতন। গণতন্ত্র, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদীতন্ত্র সবই দেখা হয়েছে। এবার সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কেমন চলবে সেটা দেখার অভিজ্ঞতা অর্জন করতে চান তারা।
সুশাসনের জন্য নাগরিক সুজন’র ঝালকাঠি জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ বলেন, প্রার্থী বাছাইয়ে দলগুলোকে সতর্ক থাকতে হবে। যাতে তারা নির্বাচিত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন। আবার যদি চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিগ্রস্ত ও টেন্ডারবাজরা ক্ষমতায় আসে, তাহলে জুলাই বিপ্লবের আকাঙ্খার বাংলাদেশ নাও প্রতিষ্ঠিত হতে পারে।
Economist/31 October /ZI/politics