গণতান্ত্রিক উত্তরণের লড়াইয়ে মওলানা ভাসানীর দিশা জরুরি:সাকি।জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “আমরা মওলানা ভাসানীকে আমাদেরই ভবিষ্যতের প্রয়োজনে স্মরণ করি। তিনি এই দেশের স্বাধীনতার, স্বাধিকার আন্দোলনের, আত্মনিয়ন্ত্রণের আন্দোলন, আত্মমর্যাদার আন্দোলন ও সার্বভৌমত্বের আন্দোলন—সবকটিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।”তিনি বলেন, এবারের গণঅভ্যুত্থানে লুটপাট, দুর্নীতি, রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণ, শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে দেশের খেটে খাওয়া মানুষেরাই লড়াই করেছেন। ১৬ জুলাই আবু সাঈদের আত্মদানের পর মানুষ যেভাবে জেগে ওঠে এবং পরবর্তীকালে যে বিশাল গণঅভ্যুত্থান ঘটে—সেখানে শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি তরুণ, নারী-পুরুষ এবং সব জাতি ও লিঙ্গপরিচয়ের মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল।সাকি প্রশ্ন রাখেন, “তাদের ন্যায্য হিস্যা কোথায়? নারীর ন্যায্য হিস্যা কোথায়? কিংবা যেকোনো লিঙ্গীয় পরিচয়ের মানুষ—যারা ক্ষমতার কাঠামোর মধ্যে অধস্তন অবস্থায় থাকে—তাদের ন্যায্য হিস্যা কোথায়? সেই হিস্যা চাওয়ার জায়গাটাই হলো গণঅভ্যুত্থানের রাজনীতি। ৬৯-এ ছিল, ৭১-এ ছিল, আজ ২০২৪–২৫ এর এই সময়েও সেই রাজনীতি সামনে আনতে হচ্ছে।”
তিনি আরও বলেন, আজ নারীরা, নিপীড়িত জাতি, নিপীড়িত ধর্মীয় গোষ্ঠীসহ শ্রেণিগতভাবে দুর্বল সব মানুষ নানা ধরনের আক্রমণের শিকার। এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গণঅভ্যুত্থান। কিন্তু গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন সংগঠিত রাজনৈতিক শক্তি। রাজনৈতিকভাবে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে, ন্যায়বিচার নিশ্চিত না করলে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা যাবে না।
“নিজেরা যদি আবার জালেম হয়ে ওঠেন, তাহলে পুরোনো জালেমরাই মানুষের কাছে সমবেদনা পাবে। তাদের ন্যায্যতাও তৈরি হবে—এবং তারই লক্ষণ আমরা দেখছি। তাই মওলানা ভাসানীর দিশা ও গণঅভ্যুত্থানের রাজনীতি অত্যন্ত জরুরি। রাষ্ট্রকে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে ন্যায়বিচার হতে হবে ভিত্তি।”— বলেন তিনি।
বিচার, সংবিধান, ক্ষমতার কাঠামো, বিচারব্যবস্থা ও আর্থসামাজিক কাঠামো—কোনো জায়গাতেই ন্যায়বিচারের জায়গা তৈরি হয়নি উল্লেখ করে সাকি বলেন, ন্যায়বিচার না থাকার কারণেই রাষ্ট্র ভয়াবহ অবস্থায় গেছে।তিনি সমালোচনা করে বলেন, “অনেকে মনে করেন—কেবল ফ্যাসিস্টদের গালি দিলে, তাদের স্থাপনা বুলডোজার দিয়ে উড়িয়ে দিলে এ দেশে ফ্যাসিবাদ চলে যাবে। কিন্তু রাজনৈতিকভাবে নতুন কাঠামো না গড়ে তুললে তা সম্ভব নয়।”
এসময় জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের বক্তব্যের সমালোচনা করে সাকি বলেন, “তারা বলছেন—তাদের মতো দাবি মানা না হলে নির্বাচন হতে দেবেন না। প্রশ্ন হলো, এই হুমকি তারা কাকে দিচ্ছেন?”তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রয়োজন ন্যূনতম জাতীয় ঐকমত্য। তা ছাড়া চাপিয়ে দেওয়া রাজনীতি বা একপেশে লক্ষ্য স্থির করে কোনো উত্তরণ সম্ভব নয়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, “আমরা তাই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছি—উত্তরণের পথ হলো বিচার, সংস্কার ও নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং জাতীয় ঐকমত্যে কোনো বিঘ্ন না ঘটাতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সবশেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “নিজেদের স্বার্থ চাপিয়ে দিলে বড় সংকট তৈরি হবে। এতে কোনো দলেরই স্বার্থ উদ্ধার হবে না; বরং ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি মিত্রদেরই সহায়তা হবে। শহীদের রক্তের ঋণ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সামনে রেখে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে এগোতে হবে।”
Economist/16November/ZI/politics