আন্দোলনকারীরা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে তালা লাগিয়ে অবস্থান নেন।ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে কেন্দ্র ও প্রশাসনের প্রতি চাপ বৃদ্ধি করতে বোরহানউদ্দিনের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় আন্দোলনকারীরা। এ ঘটনায় কেন্দ্রের ভিতরে আটকা পড়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সরেজমিনে দেখা যায়, ১ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে তালা লাগিয়ে অবস্থান নেন। আগে সকাল থেকেই তারা বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়ে বোরহানউদ্দিন ও ভোলার বিভিন্ন স্থানে ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। ভোলা প্রেসক্লাব থেকে আন্দোলনকারীরা ট্রাকে করে বোরহানউদ্দিনের আবদুল জব্বার কলেজ মাঠে সমাবেশে অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশের পরে পূর্ব ঘোষণা অনুযায়ী শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রে না গিয়ে তারা ২২৫ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান।
প্লান্টের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, বিদ্যুৎ বন্ধ করা তাদের নিয়ন্ত্রণের মধ্যে নয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবুও আন্দোলনকারীরা কেন্দ্রে অবস্থান নিয়ে গেটের বাইরে তালা লাগিয়ে দেন, ফলে কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রের ভিতরে আটকা পড়েন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ও পুলিশ নৌবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ঘিরে রাখেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রের সামনে অবস্থান চালিয়ে যাবেন। স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতুর নির্মাণ, জেলাভিত্তিক অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য পাঁচ দফা দাবি বাস্তবায়ন।
উপজেলা প্রশাসন বলেছে, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা চলছে, তবে আন্দোলনকারীদের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচি এখনো চলমান।এই ঘটনা ভোলার সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলকে এক নতুন রাজনৈতিক উত্তাপের মধ্যে ফেলেছে। আন্দোলনকারীদের এই কৌশল এবং তালাবদ্ধ কর্মসূচি জেলা প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
Economist/1December/ZI/bhola