ফেসবুকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তির অভিযোগে, ভোলা থানায় জিডি।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর মেয়ে জাইমা রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর, কটূক্তিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মো. আল আমিন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোলা সদর মডেল থানায় উপস্থিত হয়ে তিনি এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং -৪০৭।থানায় দেওয়া জিডির তথ্য অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক ব্যবহারের সময় অভিযোগকারীর নজরে আসে অভিযুক্তদের বিভিন্ন পোস্ট ও মন্তব্য। তাঁর অভিযোগ, ‘Samim Ahmed’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর মেয়ে জাইমা রহমান ও বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের আপত্তিকর, অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য ও মন্তব্য প্রকাশ করা হয়েছে।
জিডিতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে অপপ্রচার, উসকানিমূলক বক্তব্য ও আপত্তিকর মন্তব্য প্রচার করে আসছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জিডিতে মো. রিফাত (১৯) ও মো. মাসুম (১৮)-এর নাম উল্লেখ করে তাদের সঙ্গে আরও অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের সমর্থনে কয়েকজন সাক্ষীর নামও সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী খন্দকার মো. আল আমিন অভিযুক্তদের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ফেসবুকে প্রকাশিত পোস্ট ও মন্তব্যের প্রকৃত বিষয়বস্তু এবং অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Economist/9September/ZI/bhola