ভৈরবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা, মাটি বিক্রি নিলামেকিশোরগঞ্জের ভৈরবে। মেঘনা নদী থেকে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলন ও পরিবহনের অভিযোগে এম. বি. শাহ ফতুল্লা-১২ নামের একটি বাল্কহেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে বাল্কহেডে থাকা ২০ হাজার ঘনফুট মাটি। জব্দকৃত ওই মাটি অদ্য ৩০ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২টায় নিলামে বিক্রির করা হয়।
উল্লেখ গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টা ৫৭ মিনিটের দিকে আশুগঞ্জ-ভৈরব বাজার নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন ভৈরব বাজার লঞ্চঘাটের সামনে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলন ও বহনের অভিযোগে বাল্কহেডটি জব্দ করা হয়।
অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী বাল্কহেডটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক বাল্কহেডটির মালিকপক্ষকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বাল্কহেডে থাকা ২০,০০০ (বিশ হাজার) ঘনফুট মাটি জব্দ করেন।
অভিযান প্রসঙ্গে ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক গণমাধ্যমকে বলেন, নদী থেকে অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনের কোনো সুযোগ নেই। অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে নদী থেকে মাটি উত্তোলন বা পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা ২০ হাজার ঘনফুট মাটি ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় নিলামে বিক্রির কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। নিলামের মাধ্যমে জব্দকৃত মাটি আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।
প্রশাসন সূত্রে জানা যায়, নদী থেকে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলন ও পরিবহন বন্ধে ভৈরবে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ও নৌপথের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন।
অভিযান ও জরিমানা কার্যক্রমের সময় স্থানীয় প্রশাসনের সদস্যদের পাশাপাশি বিআইডব্লিউটিএর ইনচার্জ মোঃ জসিম উদদীন, আনসার সদস্য, পরিবহন পরিদর্শক, ভৈরব বাজার লঞ্চঘাটের ইজারাদার, ভৈরব বাজার স্পিডবোট ঘাটের সাধারণ সম্পাদক, স্থানীয় সাধারণ মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Economist/30September/ZI/bhola