• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্থায়ী বাসিন্দা না হয়েও সারের ডিলারশিপ, কোন ক্ষমতার বলে?

Tanzil Hossain , Bhola
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

স্থায়ী বাসিন্দা না হয়েও সারের ডিলারশিপ, কোন ক্ষমতার বলে?
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের তালুকদার হাট বাজার এলাকায় ‘ভাই ভাই ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী লোকমান হোসেনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা কিংবা ভোটার নন— এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক সার ডিলারশিপ থাকার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) জেলার জ্যেষ্ঠ কয়েকজন গণমাধ্যমকর্মী বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের তালুকদার হাট বাজার এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা ও সাধারণ কৃষকেরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও লোকমান হোসেন কীভাবে ওই এলাকায় সার ডিলার হিসেবে নিয়োগ পেলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, দেউলা ইউনিয়নের তালুকদার হাট বাজার এলাকায় সার ডিলার হিসেবে লোকমান হোসেনকে নিয়োগ দেওয়া হলেও তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন এবং সেখানকার ভোটারও নন। এ ছাড়াও তাঁর পরিবারের অন্য সদস্যদের নামেও সার ডিলারশিপ রয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন এবং নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দেউলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ও কৃষক আব্দুর রব বলেন, “ভাই ভাই ট্রেডার্সের মালিক লোকমান হোসেন এই ইউনিয়নের বাসিন্দা নন। সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার বিধান থাকলে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। প্রকৃত কৃষক ও যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হলে ভবিষ্যতে সার সরবরাহ, মূল্য ও বাজার ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।”

লিটন নামের আরেক কৃষক অভিযোগ করে বলেন, “লোকমান হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক সার ডিলারশিপ পরিচালিত হচ্ছে বলে আমরা জানি। বিষয়টি সরকারি নীতিমালা ও সুষ্ঠু সার বিতরণ ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও অভিযোগ করেন, অনৈতিক আর্থিক লেনদেন, প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব এবং রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে ডিলারশিপ বাগিয়ে নেন। এ-সংক্রান্ত একটি কল রেকর্ড গণমাধ্যমকর্মীদের কাছে দিয়েছি।

দেউলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য কামরুন্নেছা (বেনু) বলেন, “আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি। লোকমান হোসেনকে আমি চিনি না। তিনি আমার ওয়ার্ডের বাসিন্দাও নন। শুনেছি, তিনি ভাই ভাই ট্রেডার্সের নামে নতুন সার ডিলারশিপ পেয়েছেন। কীভাবে তিনি এই নিয়োগ পেলেন, সে প্রশ্ন আমারও রয়েছে।”

তাঁর মতে, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর স্থায়ী ঠিকানা, ভোটার পরিচয়, ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থান এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণের বিষয়টি সংশ্লিষ্ট নথিপত্রের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। তাঁদের অভিযোগ, এসব বিষয়ে যথাযথ যাচাই-বাছাই হলে তিনি কোনোভাবেই ডিলার নিয়োগ পেতেন না।

কোন প্রক্রিয়ায় লোকমান হোসেনকে নির্বাচিত করা হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী লোকমান হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোনটি কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগ গুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দকুমার মণ্ডল বলেন, “এত কথা বলা যায়, বলেন। ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী লোকমান হোসেন সেখানকার ভোটার কিংবা বাসিন্দা নন, বিষয়টি আমি জানি এবং শুনেছি। তাই যাচাই-বাছাই কমিটির দায়িত্বে থাকা সদস্যদের আমি তখনই বলেছিলাম, তাঁর বিষয়টি যেন যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়। তাঁরা সেটা করেননি। এখন আমি কী বলব?”

এ বিষয়ে জানতে সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমানের সরকারি মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেন, “ডিলার নিয়োগে কোনো রাজনৈতিক সুপারিশ বিবেচনায় নেওয়া হয়নি। নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলা কমিটির তালিকার ১ নং ক্রমিকের বাইরে কাউকেই ডিলারশিপ দেওয়া হয়নি।”

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং-সংক্রান্ত কার্যক্রমের আওতায় গত ৭ অক্টোবর কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের স্বাক্ষরে একটি আদেশ জারি করা হয়। ওই আদেশে সারা দেশে ইউনিয়নভিত্তিক নতুন সার ডিলার নিয়োগের বিষয়ে তথ্য জানানো হয়।

এদিকে জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় কৃষকের আশঙ্কা, সার ডিলার নিয়োগে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে কৃষকদের সারপ্রাপ্তি নিয়ে সংকট, কৃত্রিম মূল্যবৃদ্ধি এবং বাজারে একচেটিয়া প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি হতে পারে।

তাঁদের দাবি, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সার বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো আমলে নেওয়া হোক।
Economist/9October/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ