ভোলায় বালু উত্তোলনে ৮ আটক, ৭ জনের কারাদণ্ড; একজন মুক্ত।ভোলার সদর থানাধীন পশ্চিম ইলিশা এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৮ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে বাংলা দেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ড্রেজার ও বাল্কহেড মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আটক ৮ জনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অদ্য শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২ অক্টোবর মধ্যরাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন পশ্চিম ইলিশা মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৮ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, (১) রুবেল (২৭), পিতা জয়নাল আবেদিন চরফ্যাশন দুলারহাট আহমদপুর গ্রামের বাসিন্দা তিনি ‘সালায়া’ নামের ড্রেজারে ছিলেন। (২) রিপন (২৫), পিতা কাশেম গাজী বরিশাল মেহেন্দিগঞ্জের লেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা তিনি ‘একতা’ নামের ড্রেজারে ছিলেন। (৩) নোমান মিয়া (২২), পিতা বেলাল বকশি ভোলা ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি ‘এমভি ইমামা’ নামের বাল্কহেডে ছিলেন। (৪) ইয়ামিন (১৬), পিতা সালাহউদ্দিন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি ‘এমভি ইমামা’ নামের বাল্কহেডে ছিলেন। (৫) মো. আব্বাস (৩৮), পিতা ভাসানী মাঝি উত্তর ইলিশা কালিপুর গ্রামের বাসিন্দা তিনি ‘এমভি ইমামা’ নামের বাল্কহেডে ছিলেন। (৬) পরশ মনি হাওলাদার পিতা মকবুল হাওলাদার বরিশাল বাকেরগঞ্জ শিয়ালগনি গ্রামের বাসিন্দা তিনি ‘চরমোনাই’ নামের ড্রেজারে ছিলেন। (৭) সুমন হাওলাদার পিতা রফিক হাওলাদার বরিশাল কোতোয়ালি বিমানবন্দর গ্রামের বাসিন্দা তিনি ‘আল মদিনা’ নামের ড্রেজারে ছিলেন। (৮) মো. খলিল, পিতা আব্দুল মজিদ খান বরিশাল কোতোয়ালি চন্দ্রমোহন গ্রামের বাসিন্দা তিনি ‘আল মদিনা’ নামের ড্রেজারে ছিলেন।
পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভোলা) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ড্রেজার ও বাল্কহেড মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৭ জন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটক ৮ জনের মধ্যে ইয়ামিন (১৬) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জরিমানার নগদ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়াও জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বালুখেকোদের হাত থেকে নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Economist/10October/ZI/bhola